নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় জাটকা নিধনের মহোৎসব, ৩৮ জেলে আটক
ছবি: সংগৃহীত
০৯:৩৪ এএম | ০৪ এপ্রিল, ২০২৬
ইলিশের অভয়াশ্রমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে চলছে জাটকা নিধনের মহোৎসব। দিন-রাত নির্বিশেষে এক শ্রেণির অসাধু জেলে জাতীয় এই সম্পদ ধ্বংস করলেও জাটকা রক্ষায় এবার কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হাইমচর সংলগ্ন সাহেবগঞ্জ এলাকায় এক বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৮ জন জেলেকে আটক করা হয়েছে। দুর্গম জলসীমায় প্রশাসনের এই অতর্কিত অভিযান অসাধু জেলেদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে।
অভিযান শেষে আটকদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে আদালত ৩৮ জেলের মধ্যে ১৩ জনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং ১৫ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তবে বয়সে ছোট হওয়ায় এবং মানবিক দিক বিবেচনা করে ১০ জন শিশু জেলেকে কোনো সাজা ছাড়াই মুক্তি দেওয়া হয়। সাজাপ্রাপ্ত জেলেরা সবাই শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।
মৎস্য বিশেষজ্ঞদের মতে, চাঁদপুর সদর বা মতলবের তুলনায় হাইমচর এলাকায় ইলিশের আনাগোনা অনেক বেশি। এ অঞ্চলে ভারী কলকারখানা না থাকায় নদীর পানি দূষণমুক্ত, যা ইলিশের প্রজনন ও বিচরণের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। কিন্তু এক শ্রেণির প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আধুনিক সরঞ্জাম ও শক্তিশালী নৌকা নিয়ে জেলেরা রাতের আঁধারে জাটকা নিধনে মেতে উঠছে।
হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হক বলেন, জাটকা রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। নদীতে আমাদের নিয়মিত টহল চলছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না।
কেএন/টিএ