ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
ছবি: সংগৃহীত
০১:২৪ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার অংশজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার (৪ এপ্রিল) ভোর থেকে মহাসড়কের দাউদকান্দি-মেঘনা সেতুর দুই পাশে এই যানজট সৃষ্টি হয়।
স্থানীয় লোকজন জানান, শনিবার ভোরের দিকে দাউদকান্দি সেতুর টোলপ্লাজায় টোলবক্সে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে দীর্ঘ সময় টোল নিতে ব্যাঘাত ঘটে। প্রায় দুই ঘণ্টা পর টোল নেওয়া শুরু হলে যানচলাচল স্বাভাবিক হতে শুরু হয়। কিন্তু এর পরপরই মহাসড়কের মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ে। এ সময় যানচলাচল থেমে যেতে শুরু করে। কিছু কিছু গাড়ি উল্টোপথে চলার চেষ্টা করলে মহাসড়ক ব্লক হয়ে প্রায় ৮ কিলোমিটার অংশে এর রেশ দেখা যায়। দাউদকান্দি ও ভবেরচর এলাকার অন্তত ৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
বেলা ১১টার দিকে হাইওয়ে পুলিশ বিকল হয়ে যাওয়া গাড়ি সরিয়ে নিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুরে পৌনে ১টার দিকে থেমে থেমে যানচলাচল করতে দেখা গেছে।
দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার দেশের একটি গণমাধ্যমকে বলেন, ভোররাতে টোলপ্লাজায় সমস্যা এবং ভবেরচর এলাকায় একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছিল। এখন মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
আরআই/টিএ