© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেহেরপুরে আবারও গমের খড়ে আগুন: ১৫ বিঘা গমসহ বিভিন্ন ফসল পুড়ে ছাই

শেয়ার করুন:
মেহেরপুরে আবারও গমের খড়ে আগুন: ১৫ বিঘা গমসহ বিভিন্ন ফসল পুড়ে ছাই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০০ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
মেহেরপুরে আবারও গমের অবশিষ্টাংশ বা খড় পোড়ানোকে কেন্দ্র করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে গাংনী উপজেলার চোখতোলা মাঠে এই আগুনে গম ও তামাকসহ প্রায় ১৫ বিঘা জমির ফসল পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি থেকে গম কাটার পর অবশিষ্ট খড় পরিষ্কার করার উদ্দেশ্যে আজিজুল নামের এক কৃষক তার জমির পরিত্যক্ত খড়ে আগুন দেন। কিন্তু প্রচণ্ড রোদ ও দমকা বাতাসের কারণে মুহূর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তা পাশের জমিগুলোতে ছড়িয়ে পড়ে।

স্থানীয় কৃষক ও এলাকাবাসী প্রথমে নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস আগুন নেভানোর আগেই প্রায় ১৫ বিঘা জমির গমসহ বিভিন্ন ফসল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভুক্তভোগী কৃষক মজনু জানান, আগুনে তার জমির গমের পাশাপাশি জমিতে থাকা ইঞ্জিনচালিত পানি তোলার স্যালো ইঞ্জিনটিও পুড়ে গেছে।

উল্লেখ্য, এর আগে গত ২ এপ্রিল উপজেলার শিমুলতলা হাড়িয়াদহ মাঠে মাত্র ৫ কাঠা জমির খড় পোড়াতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত বিঘা জমির ফসল পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল।

এসব অগ্নিকাণ্ডের বিষয়ে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান জানান, খড় পোড়ানো থেকে বিরত থাকতে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের পক্ষ থেকে বারবার সচেতনতামূলক প্রচারণা চালানো হলেও অনেক কৃষক এখনও তা মানছেন না। সচেতনতা ও নির্দেশনার অভাবেই কৃষকদের এমন বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

এমআই/টিকে 

মন্তব্য করুন