শুটিং নিরাপত্তা নিয়ে বিস্ফোরক অভিযোগ অভিনেতা জিতুর!
ছবি: সংগৃহীত
০৮:৫৮ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
সাম্প্রতিক এক মর্মান্তিক ঘটনার পর আবারও আলোচনায় উঠে এসেছে শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তার প্রশ্ন। সেই আবহেই নিজের অভিজ্ঞতা সামনে এনে বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেতা জিতু কমল। তাঁর দাবি, বিপজ্জনক পরিস্থিতিতে শুটিং করতে অস্বীকৃতি জানানোর পর শুধু মানসিক চাপই নয়, পরদিন অপমানজনক আচরণেরও মুখে পড়তে হয়েছিল তাঁকে।
জিতুর বর্ণনায়, মার্চের মাঝামাঝি এক সন্ধ্যায় প্রবল ঝড়বৃষ্টি চলছিল। নদীর জল তখন উত্তাল, আবহাওয়াও ছিল অনিশ্চিত। এমন পরিস্থিতিতেও তাঁকে নদীর মাঝখানে নৌকায় দাঁড়িয়ে দৃশ্যধারণের জন্য চাপ দেওয়া হয়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ওই অবস্থায় শুটিং করা তাঁর পক্ষে সম্ভব নয়।

অভিনেতার অভিযোগ, পরদিন সেই সিদ্ধান্তের জেরে শুরু হয় অস্বস্তিকর আচরণ। তাঁকে গালাগালি করা হয়, এমনকি শারীরিকভাবে আক্রমণের চেষ্টাও করা হয়েছিল বলে দাবি করেন তিনি। তাঁর ভাষায়, পুরো শুটিং শেষ না হওয়া পর্যন্ত সেই চাপ ও অপমানের পরিবেশ বজায় ছিল।
এই ঘটনার পর তিনি সংশ্লিষ্ট শিল্পী সংগঠনকে লিখিতভাবে জানান বলেও দাবি করেছেন। কিন্তু অভিযোগ পাঠানোর পরও কোনো প্রতিক্রিয়া পাননি বলে তাঁর আক্ষেপ। তাঁর মতে, সময়মতো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হলে পরবর্তীতে আরও বড় দুর্ঘটনা এড়ানো যেত।
জিতু আরও জানান, আউটডোর শুটিংয়ের সময় তিনি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার পরও কাজ চালিয়ে যেতে হয়েছে। হাসপাতালে যাওয়ার পর ফিরেও একই পরিবেশে কাজ করতে বাধ্য হওয়ার কথা উল্লেখ করেছেন তিনি। এতে তাঁর শ্বাসনালী আরও ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেও জানিয়েছেন অভিনেতা।
সম্প্রতি এক সহশিল্পীর মৃত্যু ঘিরে যখন পুরো শিল্পমহলে নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, তখন জীতুর বক্তব্য সেই আলোচনাকে আরও তীব্র করেছে। তাঁর প্রশ্ন, শিল্পীদের জীবন ও নিরাপত্তার বিষয়টি কেন এখনও যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না।
ঘটনার কেন্দ্রে থাকা নির্মাণ সংস্থার নামও ইঙ্গিতপূর্ণভাবে সামনে এনেছেন তিনি। এর আগেও একই নির্মাণের সেটে দুর্ব্যবহার ও অস্বস্তিকর পরিবেশের অভিযোগ করেছিলেন জিতু।
সব মিলিয়ে তাঁর বক্তব্য এখন কেবল ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা নয়, বরং পুরো শিল্প অঙ্গনের কর্মপরিবেশ নিয়ে নতুন করে ভাবনারও কারণ হয়ে উঠেছে।
পিআর/টিকে