স্ত্রীর সাফল্যে হিংসা নয়: অভিষেক বচ্চন
ছবি: সংগৃহীত
০৯:০৬ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
দীর্ঘদিন ধরেই বলিউডের আলোচিত দম্পতিদের তালিকায় রয়েছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে না চাইলেও, মাঝে মাঝে সম্পর্কের ভিতরকার কিছু অনুভূতি প্রকাশ্যে আনেন অভিষেক। এবারও তেমনই এক আলোচনায় তিনি স্পষ্ট করে জানালেন, স্ত্রীর সাফল্য কখনও তাঁর মনে অনিরাপত্তা তৈরি করেনি।
সম্প্রতি এক আলাপচারিতায় অভিষেক বলেন, সম্পর্কের ভিত গড়ে ওঠে পারস্পরিক সম্মান, বোঝাপড়া এবং একে অপরের পাশে থাকার মানসিকতায়। তাঁর মতে, দাম্পত্যে প্রতিযোগিতার জায়গা নেই। বরং একজনের সাফল্য অন্যজনের জন্য গর্বের কারণ হওয়া উচিত।

এই ভাবনার পেছনে পরিবারের প্রভাবের কথাও উল্লেখ করেন তিনি। জানান, ছোটবেলা থেকে বাবা অমিতাভ বচ্চন ও মা জয়া বচ্চনের সম্পর্ক দেখে তিনি শিখেছেন, সংসারে কাউকে অন্যজনের চেয়ে বড় করে দেখার প্রয়োজন নেই। একে অপরকে জায়গা দেওয়ার মধ্যেই সম্পর্কের শক্তি তৈরি হয়।
অভিষেকের ভাষায়, নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে গিয়ে কখনও তিনি সম্পর্কের ভারসাম্য নষ্ট করতে চাননি। তাঁর কাছে দাম্পত্য মানে অংশীদারিত্ব, যেখানে দুজনের স্বপ্ন, সাফল্য ও ব্যর্থতা একসঙ্গেই ভাগ হয়ে যায়।
ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কের শুরু নিয়েও কথা বলেন তিনি। জানান, প্রথমে দুজনের মধ্যে গড়ে উঠেছিল বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই সময়ের সঙ্গে গভীর সম্পর্কে পরিণত হয়। এই দীর্ঘ পথচলায় পারস্পরিক আস্থা সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে।
দীর্ঘদিন ধরে নানা আলোচনা, গুঞ্জন ও জনসমালোচনার মধ্যেও এই দম্পতি নিজেদের সম্পর্ককে ধরে রেখেছেন নিজস্ব ছন্দে। অভিষেকের সাম্প্রতিক মন্তব্যে আবারও স্পষ্ট হলো, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও ব্যক্তিগত সম্পর্কে তিনি বিশ্বাস করেন স্থিরতা ও সম্মানের শক্তিতে।
পিআর/টিকে