© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অস্ত্র ঠেকিয়ে মার্কিন র‌্যাপার গুচি ম্যানকে অপহরণ

শেয়ার করুন:
অস্ত্র ঠেকিয়ে মার্কিন র‌্যাপার গুচি ম্যানকে অপহরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১১ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
প্রখ্যাত মার্কিন র‌্যাপার গুচি ম্যানকে টেক্সাসের ডালাসে একটি মিউজিক স্টুডিওতে আটকে রেখে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি ও অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে নিয়ে আসে।

এই ঘটনায় অভিযুক্ত নয়জনের মধ্যে গুচি ম্যানের এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী র‌্যাপার পু শিফটি এবং বিগ-৩০ রয়েছেন।

মার্কিন অ্যাটর্নি রায়ান রেবোল্ড এক সংবাদ সম্মেলনে জানান, গত ১০ জানুয়ারি এই হামলার ঘটনা ঘটে। পু শিফটি (আসল নাম লনট্রেল উইলিয়ামস জুনিয়র) গুচি ম্যান সহ তিনজন মিউজিশিয়ানকে তার রেকর্ডিং চুক্তির শর্তাবলী আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলেন।



ফেডারেল অভিযোগ অনুযায়ী, আলোচনার বদলে সেখানে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়। বিচার বিভাগ এটিকে একটি ‘পরিকল্পিত সশস্ত্র দখলদারি’ হিসেবে বর্ণনা করেছে। সেখানে অভিযুক্তরা বন্দুকের মুখে একজন ভুক্তভোগীকে তার রেকর্ডিং চুক্তির মুক্তিপত্রে সই করতে বাধ্য করে।

অ্যাটর্নি রেবোল্ড বলেন, ‘বাকি ষড়যন্ত্রকারীরা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভুক্তভোগীদের কাছ থেকে রোলেক্স ঘড়ি, গয়না, নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এমনকি একজন ভুক্তভোগীর গলা এমনভাবে চেপে ধরা হয়েছিল যে তিনি প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।’

অন্যদিকে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত বিগ-৩০ (আসল নাম রডনি ল্যামন্ট রাইট জুনিয়র) স্টুডিওর দরজায় ব্যারিকেড দিয়ে রেখেছিলেন যাতে কেউ পালাতে না পারে।

জানা যায়, ঘটনার সময় পু শিফটি (২৬) ফ্লোরিডার একটি অস্ত্র মামলার সাজা হিসেবে নিজ বাড়িতে গৃহবন্দী ছিলেন। সেই অবস্থায় ডালাসে এসে নতুন করে অপরাধে লিপ্ত হওয়াকে বিস্ময়কর হিসেবে দেখছেন তদন্তকারীরা। পু শিফটির বাবা লনট্রেল উইলিয়ামস সিনিয়রও এই অপহরণের পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত।

ডাকাতির কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে লুণ্ঠিত মালামালের ছবি পোস্ট করেন, যা পরবর্তীতে প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। ডালাস, মেমফিস এবং ন্যাশভিল থেকে ইতোমধ্যে নয়জন সন্দেহভাজনের মধ্যে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। দোষী সাব্যস্ত হলে তাদের প্রত্যেকের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

এ বিষয়ে অ্যাটর্নি রেবোল্ড হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনকে ব্যবসার মাধ্যম মনে করেন, তাদের জন্য এই মামলাটি একটি সতর্কতা।’

উল্লেখ্য, গুচি ম্যান (আসল নাম র‌্যাড্রিক ডেভিস) ১০১৭ রেকর্ডস-এর প্রতিষ্ঠাতা, যার সঙ্গে পু শিফটি চুক্তিবদ্ধ ছিলেন। ২০২৪ সালের অক্টোবরে গুচি ম্যান তার অধিকাংশ শিল্পীকে বাদ দিলেও পু শিফটিকে রেখে দিয়েছিলেন। তবে এই অভিযোগের বিষয়ে পু শিফটির প্রতিনিধিদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

সূত্র: জিউ নিউজ

পিআর/টিকে

মন্তব্য করুন