সুন্দরবনে অপহৃত ৬ জেলে উদ্ধার, এখনো নিখোঁজ ৪ জন
ছবি: সংগৃহীত
১১:৩৬ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
মুক্তিপণের দাবিতে সুন্দরবনে জলদস্যুদের হাতে অপহরণের শিকার ১০ জনের মধ্যে ছয় জেলে মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন। তবে অপহৃত চার জেলের এখনো খোঁজ মেলেনি।
শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে আনারুল, ইমরান ও সুশান্ত এবং একদিন আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) সাদ্দাম, ইউনুস আলী ও সাইফুল ইসলাম বাড়িতে ফিরে আসেন।
এর আগে অপহরণের শিকার এসব জেলেদের পরিবারের সদস্যরা জলদস্যুদের দাবি করা মুক্তিপণের টাকা পরিশোধ করেন। তবে অপহৃত চার জেলের এখনো খোঁজ মেলেনি। গত ৩০ মার্চ সুন্দরবনের চুনকুড়ি, মালঞ্চ এবং মামুন্দো নদী থেকে ‘ডন’ ও ‘আলিফ ওরফে আলিম’ বাহিনীর পরিচয়ে অপর চার জেলের সঙ্গে তাদের অপহরণ করা হয়।
ফিরে আসা জেলে ও তাদের স্বজনরা জানিয়েছেন, সাদ্দামের মুক্তিপণ বাবদ ৪০ হাজার, আনারুল, সুশান্ত এবং ইমরাণের জন্য মাথাপিছু ৩৫ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে। এ ছাড়া ইউনুস আলী ও সাইফুল ইসলামের জন্য মাথাপিছু ২৫ হাজার টাকা গুণতে হয়েছে। তবে এনামুল ও হযরতসহ চার জেলের এখনো কোনো খোঁজ মেলেনি।
এ দিকে নাম প্রকাশ না করার শর্তে সুন্দরবনে যাতায়াতকারী জেলেরা দাবি করেন, গত ১ এপ্রিল বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সুন্দরবনকে দস্যুমুক্ত করার নির্দেশনা দেন। তার নির্দেশনার পর র্যাব, কোস্টগার্ড, বিজিবি ও পুলিশ তৎপর হওয়ার কারণে জলদস্যুরা অপহৃত অপর জেলেদের নিয়ে নিচের দিকে নেমে গেছেন।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মো. ফজলুল হক জানান, অপহরণ কিংবা ফিরে আসার বিষয়ে ভুক্তভোগী জেলেদের পরিবারের পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি।
ইউটি/টিএ