© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার

শেয়ার করুন:
চট্টগ্রামে বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪০ এএম | ০৫ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ গৌরী ক্রিম উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত ৩ যাত্রীকে আটকের পর মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

আটক যাত্রীরা হলেন কুমিল্লার দেবিদ্বারের নাজমুল হাসান, গোপালগঞ্জের কুসুমদিয়ার সরদার সাজাদ এবং কক্সবাজারের চকোরিয়ার আমশেদ আলম রানা।


শনিবার (৪ এপ্রিল) বিমানবন্দরের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাতে বিমানবন্দরের কাস্টমস হল এলাকায় অভিযান চালায় কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স।

এসময় আবুধাবি থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের ৩ যাত্রীর ব্যাগেজ পৃথকভাবে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে সর্বমোট ৯৩০ কার্টন সিগারেটের বড় চালান এবং আমদানি নিষিদ্ধ গৌরী ক্রিমের ৬০ পিস উদ্ধার করা হয়। উদ্ধার সিগারেট থেকে আনুমানিক ১৮ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে বলে জানানো হয়।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার হওয়া পণ্যসমূহ ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

তবে প্রাথমিকভাবে জড়িত তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

টিজে/টিএ 

মন্তব্য করুন