অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে রিজেন্ট পার্ক থানায় এজাহার (এফআইআর) দায়ের করেছে আর্টিস্ট ফোরাম। পূর্ণাঙ্গ-স্বচ্ছ তদন্তের দাবিতে শনিবার (৪ এপ্রিল) রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন তারা। রাহুলের মৃত্যুর ঘটনার পাঁচ দিন পর প্রথম এফআইআর দায়ের হলো।
শুক্রবার রাতেই এফআইআর’র সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল আর্টিস্ট ফোরামের তরফে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার দুপুর ২টার পর প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে থানায় পৌঁছান চিরঞ্জিৎ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কল, লাবণী সরকার, ঋত্বিক চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাসসহ আরও অনেকে।
আইনজীবীসহ প্রিয়াঙ্কা সরকারও এদিন উপস্থিত ছিলেন রিজেন্ট পার্ক থানায়। এদিন থানায় ঢোকার মুহূর্তে একেবারে বিধ্বস্তই দেখায় প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা নিজে থানায় উপস্থিত হওয়ায় অভিযোগ বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। তিনি অভিযোগপত্রে সই করেছেন।
গত ২৯ মার্চ, রোববার তালসারির সমুদ্র সৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিংয়েই মৃত্যু হয় রাহুলের। তালসারিতে সমুদ্রে ডুবে তিনি মারা যান। কিন্তু রাহুলের মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। দুর্ঘটনার সময় রাহুল শুটিং করছিলেন, না শুটিং শেষ হয়ে গিয়েছিল, তা নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য উঠে আসায় ধন্দ দেখা দিয়েছে। আসল সত্য গোপন করে, দায় ঠেলে দেয়ার অভিযোগ তুলছেন রাহুলের সতীর্থরাই।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে গত ১ এপ্রিল সিরিয়ালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে চিঠি দিয়েছিল আর্টিস্ট ফোরাম। বৃহস্পতিবার তার উত্তরও দেয় তারা। কিন্তু আর্টিস্ট ফোরাম তাতে সন্তুষ্ট নয়। এরপরেই বৈঠকে বসেন আর্টিস্ট ফোরামের সদস্যরা। সেই বৈঠকেই অভিনেতার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়।
রাহুলের স্মরণে শনিবার টেকনিশিয়ান স্টুডিয়ো থেকে রাধা স্টুডিয়ো পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের দাবিতে শনিবার বিকাল ৪টার সময় টেকনিশিয়ান স্টুডিও থেকে ‘জাস্টিস ফর রাহুল’ মিছিলের ডাক দেয় নাগরিক সমাজ। যেখানে যোগ দেবেন আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের সদস্যরা। সূত্রের খবর, রিজেন্ট পার্ক থানা থেকেই টেকনিশিয়ান স্টুডিওর উদ্দেশে রওনা দেবেন শিল্পী, কলাকুশলীরা।
মিছিলে যেন কোনোরকম রাজনৈতিক রং না লাগানো হয়, এমন আবেদনও জানিয়েছেন সেলেব মহলের একাংশ।
এসএ/টিকে