© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গান থামিয়ে আতঙ্কে মঞ্চ ছাড়লেন পাঞ্জাবি সঙ্গীতশিল্পী সুনন্দা শর্মা!

শেয়ার করুন:
গান থামিয়ে আতঙ্কে মঞ্চ ছাড়লেন পাঞ্জাবি সঙ্গীতশিল্পী সুনন্দা শর্মা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২২ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
মঞ্চে গান চলছিল স্বাভাবিক ছন্দে। দর্শকভর্তি প্রাঙ্গণে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করছিলেন সুনন্দা শর্মা। কিন্তু মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। আচমকা এক তরুণ মঞ্চে উঠে এসে গায়িকার পায়ের কাছে ঝুঁকে পড়তেই থেমে যায় গান, থেমে যায় পুরো আয়োজনের ছন্দও।

গাজিয়াবাদ এর একটি তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। সাদা পোশাকে সহজ উপস্থিতিতে মঞ্চে ওঠা সুনন্দা তখন দর্শকদের সঙ্গে বেশ স্বাভাবিকভাবেই সময় কাটাচ্ছিলেন। জনপ্রিয় কয়েকটি গানের পরিবেশনার মধ্যে হঠাৎ এক দর্শক নিরাপত্তাব্যবস্থা ভেঙে মঞ্চে উঠে পড়েন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, তরুণটি গায়িকার পা জড়িয়ে ধরেন এবং ছবি তোলার চেষ্টা করেন।

অপ্রস্তুত সুনন্দা মুহূর্তেই ভয় পেয়ে যান। গান থামিয়ে চিৎকার করে দ্রুত মঞ্চ ছেড়ে চলে যান। কিছুক্ষণের মধ্যে নিরাপত্তারক্ষী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই তরুণকে সরিয়ে নেওয়া হলেও সুনন্দা আর মঞ্চে ফেরেননি।

ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন, একজন অনুরাগীর আচরণে এতটা আতঙ্কিত হওয়ার কারণ কী। কারণ এর আগেও এক অনুষ্ঠানে ভক্তকে নিজেই মঞ্চে ডেকে নিয়ে ছবি তুলেছিলেন সুনন্দা। তবে এবারের ঘটনায় প্রস্তুতির বাইরে হঠাৎ এমন অনুপ্রবেশই তাকে বিচলিত করেছে বলে পরে নিজেই জানান গায়িকা।



সামাজিক মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে প্রথম মুহূর্তে তিনি পরিস্থিতি বুঝে উঠতে পারেননি। পরে জানতে পারেন, তরুণটি কেবল ছবি তুলতেই মঞ্চে উঠেছিল। ধাতস্থ হওয়ার পর তাকে ক্ষমাও করে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি মানবিকভাবে দেখার অনুরোধও করেছেন।

তবে আয়োজক পক্ষ জানিয়েছে, নিরাপত্তা ভেঙে মঞ্চে ওঠার ঘটনাকে তারা গুরুত্বের সঙ্গে দেখছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে ব্যবস্থা আরও জোরদার করা হবে।

সাম্প্রতিক সময়ে তারকাদের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, অনিয়ন্ত্রিত ভিড় ও পর্যাপ্ত নজরদারির অভাবেই এমন ঘটনা বাড়ছে।

পিআর/এসএন

মন্তব্য করুন