© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অন্তর্বর্তী সরকারের সময় হাম প্রতিরোধে মনোযোগ দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের সময় হাম প্রতিরোধে মনোযোগ দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩১ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
হাম-রুবেলা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যথাযথ মনোযোগ দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, ওই সময়ের ব্যর্থতা বা অন্য কোনো কারণে প্রচারণা ও নিয়ন্ত্রণে ঘাটতি ছিল, যার খেসারত এখন দিতে হচ্ছে।

রোববার (৫ এপ্রিল) বেলা ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "২০২৬ সালের মধ্যে হামের প্রাদুর্ভাব সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এবং হামজনিত শিশুমৃত্যু শূন্যে নামিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি এমনভাবে সম্পন্ন করতে হবে যাতে এই রোগ আর ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে না পারে।"

প্রাথমিকভাবে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে এটি দেশের সব জেলায় সম্প্রসারণ করা হবে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, কক্সবাজারের দুটি উপজেলায় প্রায় ১ লাখ ২০ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলায় হাম পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় রামু উপজেলার রাজিয়া নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে জেলায় হামে আক্রান্ত হয়ে মোট ৫ শিশুর মৃত্যু হলো। এছাড়া শনিবার একদিনেই নতুন করে ২৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪২ জন শিশু।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণ দ্রুত ছড়াতে থাকায় আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সব শিশুকে টিকার আওতায় আনতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা।

এমআই/টিকে

মন্তব্য করুন