মোজাফফরকে জিজ্ঞাসাবাদের পর জানালেন প্রসিকিউটরজিয়াউর রহমানকে সরাসরি গুলি করেন কর্নেল মতিউর
ছবি: সংগৃহীত
১২:৪১ এএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সাবেক সেনাকর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করা হয় আজ। রোববার (১৩ সেপ্টেম্বর) জিজ্ঞাসাবাদে মোজাফফর জানান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেছিলেন সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান।
হত্যাকাণ্ডের আগে হেলিকপ্টারে চট্টগ্রামে গিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ। এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
তানভীর হাসান জোহা বলেন, রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে।
মোজাফফরকে জিজ্ঞাসাবাদে কী পাওয়া গেছে, জানতে চাইলে ট্রাইব্যুনালের এ প্রসিকিউটর বলেন, জিজ্ঞাসাবাদে মোজাফফর জানিয়েছেন, ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান হত্যার শিকার হন। ওই বছরের ২৮ মে হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ। এটিও জিজ্ঞাসাবাদে মোজাফফর স্বীকার করেছেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মোজাফফর হোসেন গ্রেফতার আছেন। গত ২৩ জুলাই তাকে ২ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন। এ হত্যাকাণ্ডের ৪৫ বছর পর গত ১৫ জুলাই মোজাফফর হোসেনকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয়।
আরআই/টিএ