ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতি, কীভাবে নিজেকে সামলাচ্ছেন সেলিনা?
ছবি: সংগৃহীত
০৪:৪৮ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, পারিবারিক সংকট এবং দীর্ঘ আইনি লড়াই সব মিলিয়ে কঠিন এক সময় পার করছেন সেলিনা জেটলি। তবে সেই অস্থিরতার মধ্যেও নিজেকে ধীরে ধীরে মানসিকভাবে গুছিয়ে তোলার কথা জানালেন তিনি।
স্বামীর বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগ তুলে বিচ্ছেদের আইনি প্রক্রিয়ায় রয়েছেন এই অভিনেত্রী। একই সময়ে পরিবারের আরেকটি বড় সংকটও তাকে নাড়িয়ে দিয়েছে। ২০২৪ সাল থেকে সংযুক্ত আরব আমিরাত এ তার ভাই আটক আছেন বলে জানা গেছে। সব মিলিয়ে একাধিক দুশ্চিন্তা ঘিরে ধরলেও সেলিনা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজের ভেতরে শক্তি খুঁজে পেয়েছেন।
সামাজিক মাধ্যমে কয়েকটি নতুন ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, এমন বহু রাত গেছে যখন একা কেঁদেছেন, নিজের ওপর আস্থা হারিয়েছেন, বুকের ভেতর শূন্যতা অনুভব করেছেন। কখনও মনে হয়েছে সবকিছু ছেড়ে দূরে চলে যাওয়াই হয়তো সহজ পথ। কিন্তু শেষ পর্যন্ত সেই পথ বেছে নেননি।

তার ভাষায়, যন্ত্রণার সময় কেউ পাশে না থাকলেও ধীরে ধীরে নিজেকেই নিজের আশ্রয় বানাতে শিখেছেন। তাই এখন তাকে হাসতে দেখা গেলেও সেই হাসির পেছনে রয়েছে দীর্ঘ লড়াই, একাকিত্ব আর নিজেকে আবার দাঁড় করানোর চেষ্টা।
সেলিনা মনে করেন, বাইরের পৃথিবীর স্বীকৃতির চেয়ে নিজের কাছে ফিরে আসা বেশি জরুরি। নিজের ভেতরে শান্তি খুঁজে পাওয়ার মধ্যেই তিনি এখন স্বস্তি দেখছেন। সময়ের সঙ্গে তিনি আরও আত্মবিশ্বাসী হয়েছেন বলেও জানিয়েছেন।
দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকা এই অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল ‘থ্যাঙ্ক ইউ’ ছবিতে। প্রায় দেড় দশক পরও অভিনয়ে ফেরার চেয়ে আপাতত নিজের মানসিক সুস্থতাকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি।
পিআর/এসএন