© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনীতিবিদরা মহাপুরুষ নন: অনুপম রায়

শেয়ার করুন:
রাজনীতিবিদরা মহাপুরুষ নন: অনুপম রায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৬ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
ভারতের বিধানসভা ভোটের আগেই তারকাদের ভোটারের দৃষ্টিকোণ তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ডট কম। এবার ১৩টি প্রশ্নের মাধ্যমে নিজের মতামত জানালেন অনুপম রায়। রাজনীতিবিদদের নিয়ে সরল ও ব্যঙ্গাত্মক ভাবনাচিন্তা প্রকাশ করলেন এই গায়ক-গীতিকার। তিনি মনে করেন, রাজনীতিবিদেরা মহাপুরুষ নন, সমাজ যেমন ,নেতা-নেত্রীরাও তেমনই হবে।

অনুপম রায় এও বলেছেন, নির্বাচনী প্রক্রিয়ায় সততার অভাব রয়েছে। যন্ত্র বা মানুষ যে মাধ্যমেই ভোট পরিচালিত হোক, স্বচ্ছতা বজায় রাখা কঠিন। তিনি সততার ওপর জোর দিয়ে বলেন, নির্ভীক ও নির্লোভ কমিশনার থাকলে ভোট প্রক্রিয়া দুর্নীতিমুক্ত রাখা সম্ভব। নিজের কাছে আসা প্রশ্নের জবাবে অনুপম উল্লেখ করেন, দলবদল রোধে আইন থাকা প্রয়োজন, কিন্তু বাস্তবে তা কার্যকর হওয়া কঠিন।

পরিবেশ সংরক্ষণকে ভোটাধিকারের গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখেছেন তিনি। শহরের বাতাসের দূষণ নিয়ন্ত্রণের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে চাইতেন যদি বিধায়ক হতেন। এছাড়া তিনি মনে করেন, দেশের প্রাথমিক অধিকারের লড়াই উন্নয়নের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিরোধীশূন্য রাজনীতি স্বাস্থ্যকর নয়, কারণ গণতন্ত্রের মূল ভিত্তি হলো বিরোধীপক্ষ।



রাজনীতিতে তারকাদের ভূমিকা নিয়ে অনুপম বলেন, কিছু এলাকায় ভোট আনতে তারকারা কার্যকর ভূমিকা রাখেন। তবে এটি কেবল ভোট জেতার জন্য প্রভাবশালী অস্ত্র। পছন্দের রাজনীতিবিদ হিসেবে তিনি রাঘব চ়়ড্‌ঢাকে উল্লেখ করেছেন।

অনুপম রায় রাজনৈতিক প্রসঙ্গে বলেছেন, প্রার্থী ও দলের বিষয়ে ভোটের সিদ্ধান্ত মানুষ নিজেই নেয়, তবে দলকে বেশি গুরুত্ব দেওয়া হয়। নির্বাচনের ক্ষেত্রে পরীক্ষা বা প্রশিক্ষণ থাকলেও তা প্রায় অপ্রয়োজনীয় হয়ে যায়। রাজনীতিবিদদের অশ্লীল শব্দ ব্যবহারের প্রবণতা সমাজেরই প্রতিফলন, তাই তা নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই।

সমাজের পরিবর্তন, নেতাদের স্বভাব, ভোট প্রক্রিয়া এবং পরিবেশ সংরক্ষণ বিষয়েই সরল ও খোলামেলা বক্তব্য রাখলেন এই সঙ্গীতশিল্পী, যা ভোটারদের জন্য চিন্তার দিক খুলে দিয়েছে।

পিআর/এসএন

মন্তব্য করুন