তালসারি থানায় ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন প্রিয়াঙ্কা
ছবি: সংগৃহীত
০৬:৪৩ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘিরে নতুন মোড় নিল টলিপাড়া। শনিবার রাতে অভিনেত্রীর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার তালসারি থানায় মামলা দায়ের করেছেন। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬ (১), ২৪০, ও ৩ (৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এফআইআরে অভিযোগ আনা হয়েছে মোট পাঁচ জনের বিরুদ্ধে, যারা ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত।
অভিযোগে নাম এসেছে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়, পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজক সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর। প্রিয়াঙ্কার দাবি, এই ব্যক্তিরা পরিকল্পিতভাবে নিরাপত্তা অবহেলা করে ঝুঁকিপূর্ণ শুটিং পরিচালনা করেছিলেন। এর জেরেই ঘটে রাহুলের মৃত্যু। এছাড়া মৃত্যুর পর অভিযুক্তরা মিথ্যা তথ্য প্রচার করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

প্রিয়াঙ্কা অভিযোগ দায়েরের বিলম্ব নিয়ে জানিয়েছিলেন, মানসিকভাবে তিনি বড় ধাক্কা পেয়েছেন। তিনি বলেছেন, “আমি ভাবতেই পারিনি, আমি সত্যিই সেই মানুষটাকে হারিয়েছি, যিনি আমাকে সারা জীবন দিশা দেখিয়েছেন। তাই অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে।”
পরিবার ও টলিপাড়া একজোট হয়ে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন ঘটে রাহুলের মৃত্যু। প্রাথমিক ময়নাতদন্তে বলা হয়েছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং কেন ঘটল, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এফআইআর দায়েরের পরও প্রযোজনা সংস্থা থেকে কোনও প্রতিক্রিয়া প্রকাশিত হয়নি।
এই ঘটনার পর টলিপাড়া ও দর্শক মহলে উদ্বেগের মাত্রা বেড়েছে। প্রিয়াঙ্কার পক্ষ থেকে কড়া পদক্ষেপ দাবি করা হলেও তদন্ত ও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে সবাই।
পিআর/এসএন