বাবা রণবীর কাপুরের সঙ্গে 'রামায়ণ'-এর গল্পে ছোট্ট রাহা
ছবি: সংগৃহীত
০৬:৫৭ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
নীতেশ তিওয়ারি পরিচালিত মেগা বাজেটের ছবি ‘রামায়ণ’-এর প্রথম ঝলক প্রকাশের পর দর্শক ও সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা বেড়েছে। হনুমান জয়ন্তীতে প্রকাশিত টিজার উন্মোচন হলে সিনেমার ভক্তরা রাম অবতারে রণবীরকে দেখতে মুখিয়ে থাকেন।
লস অ্যাঞ্জেলসের একটি বিশেষ অনুষ্ঠানে সীমিত দর্শকের জন্য ‘রামায়ণ’-এর টিজার প্রদর্শন করা হয়। সেই অনুষ্ঠানের পর এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে রণবীর কাপুর জানালেন, তার ছোট্ট মেয়ে রাহার সঙ্গে তিনি বাড়িতে রামায়ণ-এর গল্প শোনান। রাহা গল্পের প্রতি অসাধারণ আগ্রহ দেখান। রণবীর বলেন, “ছোট্ট রাহা জিজ্ঞেস করে, আজ কি তুমি হনুমানের সঙ্গে শুট করেছ নাকি সীতার সঙ্গে? এ ধরণের প্রশ্ন শুনতে পাওয়াটা সত্যিই অবিশ্বাস্য। বাবা হওয়ার পর এই অভিজ্ঞতা আমার জন্য এক অদ্ভুত আনন্দ।”

প্রথমে ‘রামায়ণ’-এ অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রণবীর। মনে হয়েছিল, ভগবান রামের চরিত্রে তিনি প্রস্তুত নন। কিন্তু রাহার জন্মের পর সেই ধারণা বদলে যায়। রণবীর বলেন, “রাহার গল্পের প্রতি আগ্রহই প্রমাণ করে, এই গল্প আমাদের রক্তে মিশে রয়েছে। আমাদের সংস্কৃতির ভিত এতটাই গভীর যে স্বাভাবিকভাবে ভালোবাসা ও আগ্রহ তৈরি হয়। আমরা চাই এই গল্প শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক।”
‘রামায়ণ’-এ রঘুনন্দনের পাশাপাশি বিষ্ণুর আরেক অবতার পরশুরামের ভূমিকাতেও অভিনয় করেছেন রণবীর। সিনেমার প্রথম ভাগ চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে এবং দ্বিতীয় ভাগ ২০২৭-এর দীপাবলিতে মুক্তি পাবে।
ছোট্ট রাহার সঙ্গে বাবার গল্পের মুহূর্ত এবং বড়পর্দায় রাম অবতারে রণবীরকে দেখার অপেক্ষা সিনেমাপ্রেমীদের জন্য এক মধুর অভিজ্ঞতা হয়ে থাকবে।
পিআর/এসএন