প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত রাজ কাপুরের পৈতৃক বাড়ি!
ছবি: সংগৃহীত
০৮:২৬ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
পেশোয়ারে অবস্থিত ঐতিহ্যবাহী কাপুর হাবেলির ভবিষ্যৎ ফের প্রশ্নচিহ্নের মুখে। বহু বছরের অযত্ন এবং সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে বাড়ির অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। একসময় বলিউড কিংবদন্তি রাজ কাপুর-এর পূর্বপুরুষদের বাসভবন এই প্রাসাদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা এই বাড়ি টানা বৃষ্টিতে দুর্বল হয়ে গিয়েছিল। শুক্রবার গভীর রাতে ভূমিকম্পে একাংশ ভেঙে পড়েছে। খাইবার পাখতুনখোয়া হেরিটেজ কাউন্সিলের প্রধান শাকিল ওয়াহিদুল্লাহ জানিয়েছেন, একটি দেওয়াল সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে কোনও প্রাণহানির খবর নেই।

২০১৬ সালে পাকিস্তান সরকার এই ভবনটিকে ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু নিয়মিত তদারকি ও সংরক্ষণের অভাবে ধীরে ধীরে ধ্বংস হচ্ছে এই গুরুত্বপূর্ণ নিদর্শন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দ্রুত মেরামতি না হলে ভবিষ্যতে সম্পূর্ণ ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থাপত্যশৈলীর দিক থেকেও এই প্রাসাদের গুরুত্ব অপরিসীম। প্রায় চল্লিশটি কক্ষের মধ্যে সূক্ষ্ম নকশা, ফুলেল অলঙ্করণ এবং ঝরোখা-ঘেরা সৌন্দর্য ছিল, যা একসময় সবাইকে মুগ্ধ করত। এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন রাজ কাপুর এবং তাঁর ভাই ত্রিলোক কাপুর। পরিবার দেশভাগের পর ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করলেও পেশোয়ারের এই পুরনো বাড়ি থেকে যায়। নব্বইয়ের দশকে ঋষি কাপুর ও রণধীর কাপুরও এখানে এসে সংরক্ষণের দাবি তুলেছিলেন।
পিআর/এসএন