© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খান

শেয়ার করুন:
জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৫ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খান গ্রেপ্তারের এক দিনের মাথায় জামিনে মুক্তি পেয়েছেন। একই সঙ্গে তার মা হাফসা আক্তার ও ভাই স্বাধীন মিয়াও আদালত থেকে জামিন পেয়েছেন।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে নেত্রকোনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মো. শাহ্ পরান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ৩ এপ্রিল গভীর রাতে আশুলিয়া এলাকা থেকে প্রিয়া খান (১৮), তার মা হাফসা আক্তার (৪০) ও ভাই স্বাধীন মিয়াকে (২০) গ্রেপ্তার করে পুলিশ।



মামলার বাদী তমা আক্তার (২৯) আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামের বাসিন্দা। তার দায়ের করা অভিযোগের ভিত্তিতে দণ্ডবিধি ১৮৬০-এর আওতায় আটপাড়া থানায় মামলা হয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তরা বাদীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আশুলিয়া থেকে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক জামিনযোগ্য ধারা এবং নারী আসামির বিষয়টি বিবেচনায় নিয়ে জামিন মঞ্জুর করেন।

অভিযোগ প্রসঙ্গে বাদী তমা আক্তার বলেন, তারা আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। আমরা গরিব মানুষ, কোনো বিরোধ ছিল না।

কিন্তু প্রিয়া আমার স্বামীর কাছে বারবার টাকা দাবি করত। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা হামলা চালায়। সত্য-মিথ্যা যাচাই করে দেখার অনুরোধ করছি।

এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুবায়দুল আলম জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করা হয়। পরে আশুলিয়া থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

আদালত শুনানি শেষে তাদের জামিন দিয়েছেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান।

পিআর/এসএন

মন্তব্য করুন