© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪ দিনেও মিলল না পরিচালক উৎসবের খোঁজ, কী বললেন স্ত্রী মৌপিয়া?

শেয়ার করুন:
৪ দিনেও মিলল না পরিচালক উৎসবের খোঁজ, কী বললেন স্ত্রী মৌপিয়া?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৪ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ক্রমেই বাড়ছে। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেননি তিনি। পরিবারের পক্ষ থেকে আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। চার দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি।

পরিচালকের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সেদিন উৎসব নিমতার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন। পরে তিনি নিজেও সেখানে গিয়ে খোঁজ নেন। তবে ব্যাংক কর্তৃপক্ষ তাঁর সঙ্গে কোনও তথ্য ভাগ করেনি। মৌপিয়ার বক্তব্য, তদন্ত এখন পুরোপুরি পুলিশের হাতে, তাই সংশ্লিষ্টরা সরাসরি তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গেই কথা বলছেন।



তিনি জানান, আনন্দপুর থানা ও লালবাজারের একাধিক পুলিশ কর্মকর্তা ব্যাংকে গিয়ে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছেন। ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। নিজের পক্ষ থেকে তিনি যা জানেন, সবই তদন্তকারীদের জানিয়েছেন।

নিখোঁজের খবর প্রথম সামাজিক মাধ্যমে প্রকাশ করেন মৌপিয়াই। এরপর উৎসবের পরিচিতজন ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করলেও, একাংশের প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকেও। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মৌপিয়া বলেন, যাঁরা তাঁকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, তাঁরা পুরো ঘটনার কতটা জানেন, সেটাই আগে ভাবা উচিত।

তাঁর ভাষায়, স্বামীর খোঁজে তিনিই একা দিনরাত ছুটছেন। এমন পরিস্থিতিতে তাঁর মনোবল ভেঙে দিলে অনুসন্ধানের কাজ আরও কঠিন হয়ে যাবে। তিনি স্পষ্ট করে বলেন, নিজের ওপর ওঠা প্রশ্নের চেয়ে এই মুহূর্তে তাঁর একমাত্র লক্ষ্য উৎসবকে খুঁজে পাওয়া।

মৌপিয়া আরও জানান, তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করছেন এবং আশা করছেন দ্রুত কোনও না কোনও সূত্র মিলবে।

পিআর/এসএন

মন্তব্য করুন