চেতক মঞ্চে সাইয়ারার জোড়া সাফল্য!
ছবি: সংগৃহীত
১০:২১ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
মুম্বাইয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো চেতক স্ক্রিন পুরস্কার অনুষ্ঠান, আর সেখানেই সবচেয়ে আলোচনায় উঠে এল ‘সাইয়ারা’ ছবি। নবাগত অভিনয় শিল্পীদের বিভাগে একসঙ্গে দুটি বড় পুরস্কার জিতে ছবিটি রাতের অন্যতম সাফল্যের নাম হয়ে উঠেছে। আহান পান্ডে ও অনীত পাড্ডা দুজনেই নিজেদের প্রথম বড় স্বীকৃতি পেলেন এই মঞ্চে।
‘সাইয়ারা’ ছবিতে অভিনয়ের জন্য ব্রেকথ্রু নতুন অভিনেতা বিভাগে পুরস্কার জিতেছেন আহান পান্ডে। এই বিভাগে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ‘আগ্রা’ ছবির মোহিত আগারওয়াল, ‘আজাদ’-এর আমান দেবগন, ‘দিল্লি ডার্ক’-এর স্যামুয়েল আবিওলা রবিনসন এবং ‘নিশাঞ্চি’-র ঐশ্বরী ঠাকরে। শক্ত প্রতিযোগিতার মধ্যেও শেষ পর্যন্ত আহানের নামই বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন অনুপম খের ও নীরাজ বাজাজ। যদিও অনুষ্ঠানে আহানের উপস্থিত থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ে তিনি মঞ্চে পৌঁছাতে পারেননি বলে জানা গেছে।
একই ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন অনীত পাড্ডা। তাঁর অনুপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেন ‘সাইয়ারা’ ছবির পরিচালক মোহিত সুরি। অনীতের হাতে পুরস্কার তুলে দেওয়ার দায়িত্বে ছিলেন সোনালি বেন্দ্রে ও গোল্ডি বেহেল।

এই বিভাগে অনীতের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ‘আজাদ’-এর রাশা থাদানি, ‘ধুরন্ধর’-এর সারা অর্জুন, ‘হিউম্যানস ইন দ্য লুপ’-এর ঋদ্ধিমা সিং এবং ‘তানভি দ্য গ্রেট’-এর শুভাঙ্গী দত্ত। নবাগতদের মধ্যে প্রতিযোগিতা ছিল সমান তীব্র, কিন্তু শেষ পর্যন্ত ‘সাইয়ারা’ ছবিই দুই বিভাগে সেরা হয়ে ওঠে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলিয়া ভাট, জাকির খান ও সুনীল গ্রোভার। মঞ্চে উপস্থিত ছিলেন সৌরভ দ্বিবেদীও। এবারের পুরস্কার নির্বাচনের দায়িত্বে ছিল তিপ্পান্ন সদস্যের স্ক্রিন অ্যাকাডেমি, যেখানে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা যুক্ত ছিলেন।
‘সাইয়ারা’ ছবির এই দ্বৈত সাফল্যের পর নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের তালিকায় আহান ও অনীতকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রথম ছবিতেই বড় মঞ্চে এমন স্বীকৃতি তাঁদের ভবিষ্যৎ পথকে আরও দৃশ্যমান করে তুলল।
পিআর/এসএন