© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লীনা-শৈবাল ছাড়া আর কাদের নামে এফআইআর করলেন প্রিয়াঙ্কা?

শেয়ার করুন:
লীনা-শৈবাল ছাড়া আর কাদের নামে এফআইআর করলেন প্রিয়াঙ্কা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৯ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
অভিনেতা রাহুলের মৃত্যুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও রহস্য এখনো কাটেনি। সমুদ্রতটে শুটিং চলাকালীন তাঁর মৃত্যুর ঘটনাকে ঘিরে ক্রমেই বাড়ছে প্রশ্ন, আর সেই প্রশ্নের কেন্দ্রেই এবার আনুষ্ঠানিক অভিযোগ নিয়ে সামনে এলেন প্রিয়াঙ্কা। তালসারি মেরিন থানায় দায়ের হওয়া অভিযোগে তিনি পাঁচজনের নাম উল্লেখ করে সরাসরি দায় নির্ধারণের দাবি জানিয়েছেন।

অভিযোগে রয়েছে প্রযোজনা সংস্থার প্রধান লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ধারাবাহিকের পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর নির্বাহী প্রযোজক শান্তনু নন্দী এবং প্রযোজনা ব্যবস্থাপক চন্দ্রশেখর চক্রবর্তীর নামও যুক্ত হয়েছে। প্রিয়াঙ্কার বক্তব্য, শুটিং চলাকালীন উপস্থিত সবার সামনেই দুর্ঘটনাটি ঘটে, অথচ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না।



অভিযোগপত্রে বলা হয়েছে, যে স্থানে শুটিং হচ্ছিল সেখানে জোয়ার ও চোরাবালির ঝুঁকি আগে থেকেই জানা ছিল। তবু সেই ঝুঁকি বিবেচনায় এনে কোনো কার্যকর সুরক্ষা নেওয়া হয়নি। প্রিয়াঙ্কার দাবি, ওই এলাকায় শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়নি। ফলে পুরো ঘটনাকে ঘিরে গাফিলতির অভিযোগ আরও জোরালো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেছেন, ঘটনার পর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এমন কিছু তথ্য সামনে আনা হয়েছে যা বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলছে না। তাঁর মতে, দায় এড়াতেই ঘটনাকে অন্যভাবে তুলে ধরার চেষ্টা হয়েছে। তাই প্রকৃত সত্য উদঘাটনের জন্য পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

এই ঘটনার জেরে টলিপাড়াতেও ক্ষোভ বাড়ছে। শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আর্টিস্ট ফোরামের জরুরি বৈঠকের পর সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শুটিংয়ে ফিরবেন না শিল্পী ও কলাকুশলীরা।

রাহুলের মৃত্যু এখন শুধু একটি শোকের ঘটনা নয়, বরং পুরো শিল্পমহলের নিরাপত্তা ব্যবস্থার সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রিয়াঙ্কার অভিযোগের পর তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর সবার।

পিআর/এসএন

মন্তব্য করুন