© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই দশক পর ন্যাশনাল ব্যাংকে ফিরলেন তাবিথ আউয়াল

শেয়ার করুন:
দুই দশক পর ন্যাশনাল ব্যাংকে ফিরলেন তাবিথ আউয়াল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৬ এএম | ০৬ এপ্রিল, ২০২৬

মন্ত্রী হওয়ার পর ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়া আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল আবার ব্যাংকটির পরিচালক হয়েছেন। চব্বিশের আন্দোলনে ক্ষমতার পালাবদল হলে ২০ বছর পর তাবিথ আবার ব্যাংকটির পরিচালনা পর্ষদে যোগ দিয়েছেন।


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ রোববার ঋণ অনিয়মে আর্থিক দুর্দশায় পরা ব্যাংকটির পর্ষদের সভাতেও অংশ নেন। এর আগে গত ৩১ মার্চ ব্যাংকটিতে পরিচালক হিসেবে তার দায়িত্ব নেওয়ার বিষয়ে অনাপত্তি দেয় বাংলাদেশ ব্যাংক।

মাল্টিমোড গ্রুপের উপ-প্রধান নির্বাহী পরিচালক তাবিথ সবশেষ ২০০৭ সালে ব্যাংকটির পরিচালক ছিলেন। এর আগে ২০০১ থেকে ২০০৩ মেয়াদেও এ দায়িত্ব পালন করেন। তার পাশাপাশি এ ব্যাংকে পরিচালক হিসেবে এসেছেন পোশাক খাতের উদ্যোক্তা নাজনীন আহমেদ। তিনি ডাই অ্যাফিন লিমিটেড ও অফিসিনা বিডি লিমিটেডের চেয়ারম্যান।

দু’জনের পরিচালক হওয়ার তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক। চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ন্যাশনাল ব্যাংকে ফিরে আসেন এটির উদ্যোক্তা পরিচালকদের একজন ব্যবসায়ী নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তিনি ২০২৪ সালের অগাস্টে চেয়ারম্যান হিসেবে ফিরে আসেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর দায়িত্ব নেন তিনি। পরে ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে সরে যান।

এরপর ২ মার্চ ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান হন স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মেলিতা মেহজাবিন।

এসএস/টিএ

মন্তব্য করুন