মিয়ানমারের সঙ্গে পুনরায় সীমান্ত বাণিজ্য চালু হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৭:০০ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
মিয়ানমারে সংঘাতের জেরে প্রায় এক বছর বন্ধ থাকা কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর লক্ষ্যে টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান। এ সময় ওয়্যারহাউসে পড়ে থাকা পণ্যসহ স্থলবন্দর ঘুরে দেখেন তিনি।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদী সংলগ্ন স্থলবন্দের পৌঁছে সকল সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাসহ আইনশৃঙ্খলার বাহিনীর সাথে বৈঠকে বসেন প্রতিমন্ত্রী।
স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান জানান, স্থলবন্দর পুনরায় সচল করতে কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে ব্যবসায়ীসহ বিজিবি, কোস্টগার্ডসহ সবার সাথে আলোচনা করেছি। এছাড়া সিঅ্যান্ডএফ এজেন্ট, কাস্টমস, এনবিআরসহ সকল স্টেকহোল্ডারের সঙ্গে কথা বলে জনগণের দাবির প্রেক্ষিতে আজ থেকে এই কার্যক্রম পুনরায় সচল করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আমরা বাণিজ্য কার্যক্রম চালিয়ে যেতে চাই। মিয়ানমার ও বাংলাদেশ সরকারের সাথে সীমান্ত বাণিজ্য পরিচালিত হবে। সেই ভিত্তিতেই টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।
স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মুহাম্মদ মানজারুল মান্নান জানিয়েছেন, বন্দর আনুষ্ঠানিকভাবে খোলা থাকলেও কিছু নিরাপত্তা ঘাটতি ছিল। তবে বর্তমানে পণ্য আমদানি-রপ্তানিতে আর বড় কোনো বাধা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পুনরায় বন্দর কার্যক্রম সচল করা হচ্ছে।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম এবং কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসএন