© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকারে গিয়ে দেখলাম কাজ করাটা খুব সোজা না: জাহেদ উর রহমান

শেয়ার করুন:
সরকারে গিয়ে দেখলাম কাজ করাটা খুব সোজা না: জাহেদ উর রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৭ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
সরকারে থেকে কাজ করা খুব সোজা না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘সারাজীবন অনেক কথা বলেছি, কিন্তু সরকারে যাওয়ার পর কথা বলা পছন্দ করি না খুব একটা। কারণ একটা সময় ফ্রিলি (অকপটে) কথা বলা যেত। এখন পরিস্থিতি আসলে একই রকম না। সরকারে কাজ করতে গিয়ে এটাও দেখলাম, কাজ করাটা খুব সোজা না। আমরা বাইরে থেকে যেভাবে দেখি যে সব কিছু খুব দ্রুত করে ফেলা যাবে, কিন্তু দ্রুত করা যাবে না।’

সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সোমবার (৬ এপ্রিল) রাজধানীর গুলশানে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে প্রশ্নোত্তর পর্বে জাহেদ উর রহমান এসব কথা বলেন। নতুন সরকারের প্রতিশ্রুতি, বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে সাতটি বেসরকারি উন্নয়ন সংস্থার জোট কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইক্যুয়ালিটি অ্যান্ড জাস্টিস।

সংস্থাগুলো হলো- মানুষের জন্য ফাউন্ডেশন, ব্রেকিং দ্য সাইলেন্স, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ, ওয়াটার এইড বাংলাদেশ, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও অক্সফাম ইন বাংলাদেশ।

জাহেদ উর রহমান বলেন, ‘আমি তথ্য মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত হয়েছি। সেখানে যাওয়ার পর দেখলাম, খুব সিরিয়াসলি অনলাইন নিয়ে কাজ করবে এমন কোনো ডেস্ক বা সেল ডেডিকেটেড নেই। এটা করার জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু সেটা সচল করতে বেশ সময় লাগবে।’

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ‘চমকপ্রদ একটি তথ্য এখনই দেওয়া হবে কি না, আমি বুঝতে পারছি না, আমি লোভ সামলাতে পারছি না। সেটা হলো- প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাইবার বুলিংয়ের বিষয়টি, বিশেষ করে নারীদের হয়রানির বিষয়টি নিয়ে বিশেষায়িত সেল গঠনের পরিকল্পনা চলছে। এটা অচিরেই চালু হবে। বিভিন্ন মন্ত্রণালয়, যারা এটার সঙ্গে যুক্ত, তারা অপরাধীকে খুঁজে আইনের আওতায় আনা ও বিচার নিশ্চিত করার কাজ করবে।’

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্যানেল আলোচনায় উপদেষ্টা জাহেদ উর রহমান ছাড়াও অংশ নেন ঢাকা-১২ আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা।

এসএস/টিএ

মন্তব্য করুন