© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিবি কার্যালয় থেকে আদালতের উদ্দেশে নেয়া হলো শিরীন শারমিনকে

শেয়ার করুন:
ডিবি কার্যালয় থেকে আদালতের উদ্দেশে নেয়া হলো শিরীন শারমিনকে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪১ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
লালবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের উদ্দেশে ডিবি কার্যালয় থেকে বের করা হয়েছে সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সোয়া একটার দিকে ডিবি কার্যালয় থেকে তাকে বের করে আদালতের উদ্দেশে নেওয়া হয়।

ডিবির একটি সূত্রে জানা যায়, লালবাগ থানায় ১৭ জুলাই একটি হত্যাচেষ্টা মামলার (মামলা নং-৫) তিন নাম্বার আসামি তিনি। তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় আদালতে তাকে রিমান্ডে চাওয়া হয়নি।

আদালতের ডিবি লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসিন উদ্দীন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামি শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে আটক রাখতে আবেদন করেছেন।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এন এম নাসির উদ্দিন জানিয়েছেন, শিরীন শারমিন চৌধুরীকে তার এক আত্মীয়ের বাসা থেকে আজ ভোরে গ্রেপ্তার করা হয়েছে।

সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন জানান, তার (শিরীন শারমিন চৌধুরী) বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। এরমধ্যে লালবাগ থানার বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেখ হাসিনার সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক স্পিকার। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এর পর থেকে টানা তিনি এ দায়িত্বে ছিলেন।

জুলাই গণ–অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

টিজে/টিকে

মন্তব্য করুন