নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি মমতার
ছবি: সংগৃহীত
০১:৪৪ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
ভারত ভুয়া অভিযান চালালে তার বদলে কলকাতা পর্যন্ত হামলার হুমকি দিয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শনিবার পাকিস্তানের শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ এ হুঁশিয়ারি দেন। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ওই মন্তব্যে পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একইসঙ্গে মোদির পদত্যাগও দাবি করেছেন তিনি।
সোমবার (৬ এপ্রিল) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নাকাশিপাড়ার বেথুয়াডহরীতে একটি নির্বাচনী প্রচারণা থেকে মমতা বলেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যখন বলেন যে কলকাতাকে টার্গেট করব... তখন প্রধানমন্ত্রী রাজ্যে এসে সেই কথাটা কেন মুখ দিয়ে বললেন না যে ‘উই উইল টেক স্ট্রং অ্যাকশন।’
মমতার প্রশ্ন, ‘উনি (মোদি) চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি? নির্বাচনের আগে আরেকটা পেহেলগাও?’
তদন্তের দাবি জানিয়ে মমতা বলেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে দিয়ে কে এ কথা বলিয়েছে? কারা বলিয়েছে? এর তদন্ত চাই। আপনি কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেননি? কলকাতাকে টার্গেট করার কথা যদি কেউ বলে আমরা ভারতীয় নাগরিক হিসেবে আমরা তা মানব না।
রোববার পশ্চিমবঙ্গের কোচবিহারে নির্বাচনী প্রচারণা থেকে অনুপ্রবেশ ইস্যুতে মমতার সরকারকে নিশানা করতে দেখা যায় মোদিকে। প্রধানমন্ত্রীকে পাল্টা নিশানা করে মমতা বলেন, যদি কোনো অনুপ্রবেশকারী কোথাও ঢুকে থাকে তার জমিদারি তো আপনার। আপনি আগে পদত্যাগ করুন।
ভোটার তালিকা থেকে কয়েক লাখ মানুষের নাম বাদ যাওয়া নিয়েও মোদিকে নিশানা করেন। মমতা বলেন, ২০২৪ সালে লোকসভা ভোটে তো আপনিও প্রধানমন্ত্রী হয়েছেন। তবে প্রথমে তো আপনার পদত্যাগ করা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
এমআর/টিকে