যৌতুকে চেয়েছিল দামি গাড়ি, খেলনা গাড়ি দিয়ে বিয়ে ভাঙলেন কনের বাবা
ছবি: সংগৃহীত
০৯:৩৫ পিএম | ২৯ নভেম্বর, ২০২৬
যৌতুক হিসেবে দামি গাড়ির দাবি করায় বরপক্ষের হাতে খেলনা গাড়ি তুলে দিয়ে বিয়ে বাতিল করেছেন কনের বাবা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মিরাট জেলার ভাবনপুর থানার অন্তর্গত জ্ঞানপুর গ্রামে। শনিবার (২৮ নভেম্বর) ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম প্রেস জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় পাঁচ মাস আগে জ্ঞানপুর গ্রামের শমশেরের ছেলের সঙ্গে পরতাপুর থানার সাউলানা গ্রামের বাব্বরের মেয়ের বিয়ে ঠিক হয়। বাগদান অনুষ্ঠানে কনের পরিবার বরপক্ষকে নগদ এক লাখ রুপিসহ বিভিন্ন উপহার দিয়েছিল বলে জানা গেছে।
প্রায় এক মাস আগে বাব্বর একটি জমি বিক্রি করেন। বিষয়টি জানতে পেরে বরপক্ষ যৌতুক হিসেবে মাহিন্দ্রা থার গাড়ি দাবি করে বলে অভিযোগ। বাব্বর একাধিকবার তাদের বোঝানোর চেষ্টা করলেও তারা নিজেদের দাবিতে অনড় থাকে।
এরপর শনিবার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার ঐতিহ্যবাহী 'লালখত' অনুষ্ঠানে বরপক্ষকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান বাব্বর। সকাল থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত অপেক্ষায় রাখার পর তাদের হাতে প্লাস্টিকের একটি খেলনা থার গাড়ি তুলে দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৯০ সেকেন্ডের ভিডিওতে বাব্বরকে বলতে শোনা যায়, 'এই নিন, হাতে ধরুন। আপনাদের একজন মানুষ নয়, একটি গাড়ি দরকার ছিল। আপনাদের গাড়ি দিয়েছি, এবার চালান। আপনারা নিজেদের বাড়িতে সুখে থাকুন, আমরাও আমাদের বাড়িতে সুখে থাকব।'
ভিডিওতে তিনি আরও জানান, সকাল থেকেই বরপক্ষ গাড়ির জন্য অপেক্ষা করছিল। অবশেষে তাদের দাবির পরিপ্রেক্ষিতে খেলনা গাড়ি তুলে দেওয়া হয়েছে। এ সময় আনুষ্ঠানিকভাবে বাগদান ও বিয়ে বাতিলের ঘোষণা দেন কনের বাবা।
তবে এ ঘটনায় বরপক্ষের কোনো বক্তব্য প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
আরআই/