৩০ হাজার ফুট উচ্চতায় সরাসরি বিশ্বকাপ দেখাবে সিঙ্গাপুর এয়ারলাইনস
ছবি: সংগৃহীত
০২:৫৫ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
ফ্লাইটে বসেই বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা উপভোগের সুযোগ দিচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইনস (এসআইএ)। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত সংস্থাটির নির্বাচিত ফ্লাইটগুলোতে সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বকাপের ম্যাচ।
মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে এয়ারলাইনটি জানায়, তাদের ইন-ফ্লাইট বিনোদন প্ল্যাটফর্ম ‘ক্রিসওয়ার্ল্ড লাইভ টিভি’-তে থাকা ‘স্পোর্ট ২৪’ চ্যানেলের মাধ্যমে যাত্রীরা ম্যাচগুলো সরাসরি দেখতে পারবেন। একই প্ল্যাটফর্মে ‘বিবিসি নিউজ’-এর মাধ্যমে আন্তর্জাতিক সংবাদ ও ব্যবসায়িক আপডেটও পাওয়া যাবে।
এসআইএ জানায়, তাদের সব বোয়িং ৭৮৭-১০ ও বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজে এ সুবিধা থাকবে। পাশাপাশি ৪১টি এয়ারবাস এ৩৫০-৯০০ এবং ৮টি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজেও লাইভ সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।
তবে স্যাটেলাইট কাভারেজ, সম্প্রচার চুক্তি ও নির্দিষ্ট রুটে নিয়ন্ত্রক অনুমোদনের ওপর নির্ভর করবে সরাসরি সম্প্রচার।
সিঙ্গাপুর এয়ারলাইনসের কাস্টমার এক্সপেরিয়েন্স বিভাগের জ্যেষ্ঠ সহসভাপতি ইও পি তেইক বলেন, যাত্রীদের জন্য উন্নততর ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে নতুন নতুন সেবা যুক্ত করছে।
এই উদ্যোগও তারই অংশ।
টিকে/