সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে সরকার খুবই উদার : স্পিকার
ছবি: সংগৃহীত
০৭:৫২ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
সরকার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে খুবই উদার ও সচেষ্ট বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্পিকারের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে তারা ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট ও সংসদীয় স্থায়ী কমিটির বিভিন্ন কর্মকাণ্ড, জাতীয় সংসদের অধিবেশন, সংসদের কার্যপ্রণালী বিধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ইউএনডিপি ও জাতীয় সংসদের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণ করতে হবে।
ইউএনডিপি নতুন সংসদ-সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে তাদের প্রাথমিক দায়িত্ব, কার্যাবলি এবং এখতিয়ারের বিষয় আলোচনায় সহযোগিতা করতে পারে।
তিনি বলেন, সংসদ-সদস্যদের মধ্য থেকে, বিশেষ করে নারী সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল ইউএনডিপির সঙ্গে দ্বিপাক্ষিক সফর বিনিময় করতে পারে।
তিনি আরো বলেন, সংসদে ডিজিটাইজড লাইব্রেরি ব্যবস্থার প্রবর্তন, অধিবেশনকালীন দিনের কার্যসূচিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার, সংসদের নিজস্ব প্রিন্টিং ও প্রেস থাকা অত্যাবশ্যক।
এ সময় স্টেফান লিলার বলেন, বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত।
ইউএনডিপি বাংলাদেশ ও জাতীয় সংসদের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী। ইউএনডিপির সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে তারা চলমান জ্বালানি সংকট ও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে মতামত বিনিময় করেন। এই পরিস্থিতিতে তারা ইউরোপের দেশগুলো যেমন- যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের নিরপেক্ষ অবস্থানের প্রশংসা করেন।
কেএন/এসএন