ট্রাম্পের হুমকির পরযুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সরাসরি কূটনৈতিক যোগাযোগ’ বিচ্ছিন্ন করলো ইরান
ছবি: সংগৃহীত
০৯:৪৫ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ‘পুরো সভ্যতাকে মেরে ফেলার’ হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করেছে তেহরান। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলর চলা ৩৮ দিনের দীর্ঘস্থায়ী যুদ্ধের মাঝে তেহরান ওই যোগাযোগ বিচ্ছিন্ন করেছে।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ে দেশটির অন্যতম নির্ভরযোগ্য এই সংবাদমাধ্যমের এই প্রতিবেদন এমন এক সময়ে এল, যখন ট্রাম্পের দেওয়া চূড়ান্ত সময়সীমা শেষ হতে আর কয়েক ঘণ্টা বাকি রয়েছে।
একই সময়ে তেহরান, কোম, ইসফাহান, খোররামাবাদ এবং শিরাজসহ ইরানের বিভিন্ন শহরে মঙ্গলবার ব্যাপক বিমান হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের ৮টি সেতু ধ্বংস করেছে এবং বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, যুদ্ধের দুই পক্ষ শক্তির মাঝে সরাসরি কূটনীতি বন্ধ হওয়ার অর্থ হলো আজ রাতে আর কোনও চুক্তির সম্ভাবনা নেই। প্রচলিত পন্থায় সম্ভবত কোনও চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে না।
গত সপ্তাহে পাকিস্তান সরকারের মধ্যস্থতায় চালু হওয়া একটি গোপন চ্যানেলের মাধ্যমে কাতার থেকে এলএনজিবাহী দুটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করে। যুদ্ধের চরম উত্তেজনার মাঝেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ব্যবহারিক যোগাযোগের একমাত্র সূত্র ছিল এই চ্যানেল। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইরানের নমনীয় হওয়ার সীমা ছিল এটুকুই। এখন যেকোনও মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলাপ-আলোচনার যে সুযোগ ছিল, সেটিও বিচ্ছিন্ন করে দিয়েছে তেহরান।
মার্কিন এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সময়সীমা শেষ হওয়ার রাতে আলোচনা কিংবা সময় বাড়ানোর চেষ্টা না করে কূটনীতৈকি যোগাযোগ বিচ্ছিন্নের এই সিদ্ধান্ত একটি পরিষ্কার সামরিক বার্তা। বোমা হামলার মুখে তেহরান কোনও আলোচনায় বসবে না বা বন্দুকের নলের মুখে কোনও শর্ত মেনে নেবে না; সেই ইঙ্গিতই দিয়েছে ইরান।
যুদ্ধবিরতি পরিকল্পনার মাধ্যমে যে কূটনৈতিক প্রক্রিয়া শুরুর চেষ্টা চলছিল, তা এখন আর কার্যকর নয়। বরং বর্তমানে যুদ্ধের গতিপ্রকৃতি নির্ধারিত হবে রণক্ষেত্রের সামরিক ও ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি খুলে দেওয়ার আল্টিমেটামের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কূটনৈতিক আলোচনা বন্ধ করে দিয়েছে ইরান। তবে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
মধ্যপ্রাচ্যের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ট্রাম্পের দাবির প্রতি তেহরানের অসম্মতি প্রকাশ করা।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল।