© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রাম বন্দরের পথে অকটেনবাহী জাহাজ

শেয়ার করুন:
চট্টগ্রাম বন্দরের পথে অকটেনবাহী জাহাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০২ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
মালয়েশিয়া থেকে পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। বুধবার (৭ এপ্রিল) মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী জাহাজটি বন্দরে পৌঁছবে। এতে ২৬ হাজার টন পরিশোধিত অকটেন রয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে অকটেনবাহী জাহাজ এটিই প্রথম।

এদিকে মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আসা ‘শান গ্যাং ফা জিয়ান’ নামে জাহাজের খালাস কার্যক্রম মঙ্গলবার শেষ হয়েছে। এছাড়া চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’ নামক জাহাজের খালাস চলমান রয়েছে। বুধবার জাহাজটির খালাস শেষ হবে বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) জানিয়েছে।

চবক সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রাম বন্দরে চারটি জাহাজ থেকে জ্বালানি খালাস চলছে। এর মধ্যে ৩১ মার্চ ভারত থেকে আসা ‘গ্যাস চ্যালেঞ্জার’ নামক জাহাজ থেকে ভাটিয়ারিতে এলপিজি খালাস করা হচ্ছে। ৩ এপ্রিল মালয়েশিয়া থেকে আসা ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের জাহাজ থেকে ডিজেল খালাস করা হয়েছে। এছাড়া অকটেনবাহী ‘সেন্ট্রাল স্টার’ ও এলপিজিবাহী ‘মর্নিং জেইন’ বন্দরের জলসীমায় রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, মঙ্গলবার জ্বালানিবাহী পাঁচটি জাহাজ বন্দর এবং বন্দরের পথে রয়েছে। এর মধ্যে মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আসা ‘মর্নিং জেইন’ নামক জাহাজটি আগামী শুক্রবার বন্দরে পৌঁছার কথা রয়েছে।

এসএন 

মন্তব্য করুন