এআই দিয়ে ছবি ও কণ্ঠ নকল করে প্রতারণা, আজহারীর কঠোর হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত
০১:৩৭ এএম | ০৮ এপ্রিল, ২০২৬
আলোচিত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী- এর ছবি, ভিডিও ও কণ্ঠস্বর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ক্লোন করে বড় ধরনের ডিজিটাল প্রতারণা চালাচ্ছে একটি চক্র- এমন অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রতারক চক্রকে সতর্ক করলে সাময়িকভাবে এ কার্যক্রম বন্ধ থাকলেও এখন আবার নতুন করে প্রতারণা শুরু হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) প্রতারক চক্রের বিরুদ্ধে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই ইসলামি আলোচক।
পোস্টে মিজানুর রহমান আজহারী বলেন, সম্প্রতি কিছু কুচক্রী মহল সোশ্যাল মিডিয়াতে আমার ছবি, ভিডিও এবং এমনকি আমার ভয়েস ক্লোন করে ডিজিটাল মাধ্যমে নানা ধরনের প্রতারণা চালিয়ে যাচ্ছে। আমার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ভুয়া প্রোডাক্ট প্রমোশন, চিকিৎসা সেবা এবং বিশেষ করে ওষুধি পণ্যের অবৈজ্ঞানিক ও বিব্রতকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।
মাওলানা আজহারী জানান, দুই মাস আগেও তিনি এই প্রতারক চক্রের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা দিয়েছিলেন। তখন চক্রটি সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখলেও এখন আবারও সক্রিয় হয়ে উঠেছে।
বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে ইতোমধ্যে একাধিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আজহারী বলেন, ইতোমধ্যে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করেছি।

সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিটিআরসি চেয়ারম্যান বরাবর আবেদন জানানো হয়েছে। সংশ্লিষ্ট পেজ ও কন্টেন্ট অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে প্রতারক চক্রের ডিজিটাল ফুটপ্রিন্ট শনাক্ত করার কাজও চলমান রয়েছে।
যারা এই জালিয়াতির সাথে জড়িত, তাদের সতর্ক করে আজহারী বলেন, আপনারা দেশ বা বিদেশের যেখানেই থাকুন না কেন, আপনাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের ব্যাপার মাত্র। জনসাধারণকে প্রতারণার হাত থেকে বাঁচাতে আমরা বদ্ধপরিকর।
অনলাইনে কোনো বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হওয়ার আগে আমাদের অফিশিয়াল সোর্স থেকে সত্যতা যাচাই করে নিন। হাসানাহ ফাউন্ডেশন কিংবা আমার পক্ষ থেকে কোনো ধরনের ওষুধ বা বাণিজ্যিক পণ্য প্রমোশন করা হয় না।
জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনলাইনে কোনো বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হওয়ার আগে অবশ্যই অফিশিয়াল সূত্র থেকে যাচাই করতে হবে। তিনি আরও জানান, হাসানাহ ফাউন্ডেশন বা তার পক্ষ থেকে কোনো ধরনের ওষুধ বা বাণিজ্যিক পণ্য প্রচারণা করা হয় না।
এসকে/টিএ