© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্প হামলা করলে সৌদি আরব ও আমিরাতের জ্বালানি স্থাপনা টার্গেটের হুঁশিয়ারি ইরানের

শেয়ার করুন:
ট্রাম্প হামলা করলে সৌদি আরব ও আমিরাতের জ্বালানি স্থাপনা টার্গেটের হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৫ এএম | ০৮ এপ্রিল, ২০২৬
ট্রাম্প হামলা করলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনা টার্গেটের হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সম্ভাব্য হামলার হুমকির জবাবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনাগুলোকে টার্গেট করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের একটি সামরিক সূত্র।

মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সূত্রটি জানায়, ট্রাম্প যদি বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামোতে হামলা চালায়, তবে ইরানও পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

হুঁশিয়ারিতে বলা হয়, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো-এর স্থাপনা, ইয়ানবুর তেল সুবিধা এবং ফুজাইরাহ পাইপলাইনকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে তালিকায় রাখা হয়েছে।

সূত্রটির দাবি, ট্রাম্পের হুমকি তার দুর্বলতা ও হতাশার প্রতিফলন; তবে যুক্তরাষ্ট্র যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে তার ভারী মূল্য দিতে হবে। এছাড়া তারা সতর্ক করে বলে, যুক্তরাষ্ট্র মনে করছে, এমন চাপ প্রয়োগের মাধ্যমে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব হবে এবং তেলের দাম কমবে। কিন্তু বাস্তবে উল্টো পরিস্থিতি তৈরি হতে পারে।

সূত্রটির ভাষ্যমতে, এই ধরনের হামলা হলে তেলের দাম আগামী দিনগুলোতে ২০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

আরআই/টিকে

মন্তব্য করুন