ইরান ইস্যুতে প্রকাশিত সিএনএনের প্রতিবেদনকে ’ফ্রড’ বললেন ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৮:৩৭ এএম | ০৮ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে প্রকাশিত সিএনএনের একটি প্রতিবেদনকে 'ফ্রড' বলে দাবি করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, সিএনএন যে বিবৃতি প্রকাশ করেছে তা ভুয়া এবং একটি নাইজেরিয়ান ভুয়া নিউজ সাইট থেকে নেওয়া। তিনি অভিযোগ করেন, যাচাই না করেই সেটিকে 'বৈধ খবর' হিসেবে প্রচার করেছে সিএনএন।
ট্রাম্প আরও জানান, ইরানের আনুষ্ঠানিক বিবৃতি ইতোমধ্যে প্রকাশ হয়েছে এবং এ ঘটনায় কোনো অপরাধ হয়েছে কিনা তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে তিনি সিএনএনকে দ্রুত ওই প্রতিবেদন প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

অন্যদিকে, সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইরান দাবি করেছে তারা একটি 'বড় বিজয়' অর্জন করেছে এবং যুক্তরাষ্ট্রকে তাদের ১০ দফা পরিকল্পনা মেনে নিতে বাধ্য করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায়, এই পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নীতিগতভাবে ইরানের ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অঞ্চলটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে।

এছাড়া, ইরানের পারমাণবিক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়টি স্বীকৃতি দেওয়া এবং হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়ার কথাও উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ওই জলপথে জাহাজ চলাচল ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়ে পরিচালিত হবে।
এদিকে, এই দাবিগুলোকে সম্পূর্ণভাবে নাকচ করে প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে 'ফেক' বলে উড়িয়ে দিয়েছেন, ফলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
এমআই/এসএন