ইরানে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর, স্থায়ী চুক্তির বৈঠক হবে পাকিস্তানে: শাহবাজ
ছবি: সংগৃহীত
০৯:০৬ এএম | ০৮ এপ্রিল, ২০২৬
ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। স্থায়ী যুদ্ধবিরতির চুক্তির জন্য উভয় পক্ষের প্রতিনিধি দল পাকিস্তানে বৈঠকে বসতে যাচ্ছে। আগামী ১০ এপ্রিল ওই বৈঠক হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্সে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শাহবাজ জানান, ইরান ও যুক্তরাষ্ট্র এবং তাদের নিজ নিজ মিত্রদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং লেবানন ও অন্যান্য অঞ্চলসহ সংঘাতপূর্ণ সকল এলাকায় তা এখন কার্যকর রয়েছে।
পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই অগ্রগতিকে উত্তেজনা প্রশমনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন এবং এটিকে একটি বিচক্ষণ সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করে উভয় দেশের নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি শান্তি ও স্থিতিশীলতা প্রসারের প্রচেষ্টায় তাদের অব্যাহত সম্পৃক্ততার কথাও স্বীকার করেছেন।
প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, অমীমাংসিত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি ব্যাপক ও স্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য পাকিস্তান আগামী ১০ এপ্রিল, ২০২৬, শুক্রবার ইসলামাবাদে উভয় পক্ষের প্রতিনিধিদলকে আতিথ্য দেবে।
টিজে/এসএন