হরমুজে জাহাজ জট নিরসনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, অনেক আয় হবে: ট্রাম্প
ছবি: সংগৃহীত
১১:৫০ এএম | ০৮ এপ্রিল, ২০২৬
ইরান এখন তাদের পুনর্গঠন কার্যক্রম শুরু করতে পারে বলে বুধবার (৮ এপ্রিল) মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে ‘বিশ্ব শান্তির জন্য বড় দিন’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।
নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘বিশ্ব শান্তির জন্য একটি বড় দিন! ইরান এটি চায়, তারা যথেষ্ট সহ্য করেছে! একইভাবে, অন্যরাও তাই!’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জট নিরসনে সহায়তা করবে। অনেক ইতিবাচক পদক্ষেপ দেখা যাবে! প্রচুর অর্থ উপার্জন হবে। ইরান পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে পারবে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমরা সব ধরনের রসদপত্র নিয়ে যাবো এবং সবকিছু যাতে ভালোভাবে চলে তা নিশ্চিত করার জন্য সেখানে অবস্থান করব। আমার দৃঢ় বিশ্বাস, সবকিছু ঠিকঠাকই হবে। যুক্তরাষ্ট্রে আমরা যেমনটা দেখছি, এটাও মধ্যপ্রাচ্যের স্বর্ণযুগ হতে পারে!!!
এছাড়া বার্তা সংস্থা এএফপিকে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পর যুক্তরাষ্ট্র একটি ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে।
যুদ্ধবিরতি ঘোষণার কিছুক্ষণ পরই এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় (ইরানে)। শতভাগ। এ বিষয়ে কোনো প্রশ্নই নেই।’
সূত্র: রয়া নিউজ
এমআই/এসএন