অসুস্থতার কারণে শেষ মুহূর্তে কনসার্ট বাতিল করলেন লেডি গাগা
ছবি: সংগৃহীত
০৪:৫৯ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করা পপ তারকা লেডি গাগা হঠাৎ করেই বড় এক সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। কনসার্টের মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি বাতিল করলেন তাঁর নির্ধারিত শো আর এই খবরে হতাশ হয়ে পড়েছেন হাজারো ভক্ত। কানাডার মন্ট্রিয়েল শহরের বিখ্যাত বেল সেন্ট্রারে পারফর্ম করার কথা ছিল ‘পোকার ফেস’ খ্যাত এই গায়িকার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে মঞ্চে ওঠা সম্ভব হয়নি তার।
লেডি গাগা সোমবার (৬ এপ্রিল) সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় জানান, তিনি কয়েকদিন ধরে শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। তিনি লিখেছেন, গত কয়েকদিন ধরে বিশ্রাম নেওয়ার চেষ্টা করছি, কিন্তু অবস্থার উন্নতি না হয়ে বরং খারাপ হয়েছেন। চিকিৎসকের কড়া পরামর্শেই তাকে পারফরম্যান্স বাতিল করতে হয়েছে।
তিনি আরও বলেন, আজ যদি মঞ্চে উঠতাম, তাহলে আপনাদের যে মানের পারফরম্যান্স প্রাপ্য, তা দিতে পারতাম না। ভক্তদের হতাশার কথা উল্লেখ করে গাগা দুঃখ প্রকাশ করেন এবং বলেন, আমি জানি এটি আপনাদের জন্য কতটা হতাশাজনক, আমিও ভীষণ কষ্ট পাচ্ছি।

শুধু এই একবারই নয়, এর আগেও স্বাস্থ্যগত কারণে শেষ মুহূর্তে শো বাতিল করতে হয়েছে তাকে। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে একটি কনসার্টের আগে হঠাৎ কণ্ঠনালীর সমস্যার কারণে শো স্থগিত করেছিলেন গাগা। তখনও তিনি জানিয়েছিলেন, নিজের কণ্ঠের দীর্ঘমেয়াদি ক্ষতি এড়াতেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
বর্তমানে ‘মেহেম বল ট্যুর’-এ ব্যস্ত এই তারকা সবসময় লাইভ গেয়ে পারফর্ম করেন, যা শারীরিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই চিকিৎসকের পরামর্শ অমান্য করে মঞ্চে উঠলে ভবিষ্যতে বড় ক্ষতির ঝুঁকি ছিল। শেষে ভক্তদের উদ্দেশে গাগা বলেন, তিনি খুব দ্রুতই বাতিল হওয়া এই শো নতুন করে আয়োজন করার চেষ্টা করছেন। আমি আমার ভক্তদের ভীষণ ভালোবাসি। আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন। ভক্তদের জন্য হয়তো এটি হতাশার খবর, তবে প্রিয় তারকার সুস্থতা সেটিই যে সবচেয়ে বড় বিষয়, তা আর বলার অপেক্ষা রাখে না।
এসএন