© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অসুস্থ রিফাত চৌধুরীর পাশে জায়েদ খান

শেয়ার করুন:
অসুস্থ রিফাত চৌধুরীর পাশে জায়েদ খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৫ পিএম | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
হাসপাতালের বিছানায় অসুস্থ শরীর নিয়ে দিন কাটছে আশির দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরীর। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। গত এক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই শিল্পী আর্থিক সংকটের কথাও জানিয়েছেন। চিকিৎসার ব্যয় মেটাতে সমাজের বিত্তবানদের কাছে সহায়তার আবেদন করেছেন তিনি। এমন পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।

শিল্পীর বিপদে শিল্পীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জায়েদ খান বলেন, ‘একজন শিল্পীর পাশে আমি সব সময় থাকার চেষ্টা করি। যতটা পারি, আমার সামর্থ্য অনুযায়ী শিল্পীর বিপদে পাশে দাঁড়াই। আমি চাই, প্রত্যেক শিল্পী যদি নিজেদের জায়গা থেকে বিপদগ্রস্ত শিল্পীদের পাশে দাঁড়ান, তাহলে কোনো শিল্পীকেই আর্থিক কষ্টে হাসপাতালের বিছানায় কাতরাতে হবে না।’

রিফাত চৌধুরীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর চিকিৎসা ও আর্থিক সংকট নিয়ে আলোচনা চলছে। জীবনের দীর্ঘ সময় কবিতা ও অভিনয়ের সঙ্গে যুক্ত থাকা এই শিল্পীর বর্তমান পরিস্থিতি নিয়ে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে জায়েদ খানের আর্থিক সহায়তা তাঁর চিকিৎসার ব্যয়ে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিল্পীদের সংকটে একে অন্যের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন জায়েদ খান। তাঁর মতে, শিল্পীসমাজ নিজেদের জায়গা থেকে এগিয়ে এলে অসুস্থ বা বিপদগ্রস্ত কোনো শিল্পীকে চিকিৎসার জন্য আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে না।

উল্লেখ্য, জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে স্টেজ শো-এর পাশাপাশি নতুন একটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। 'ভায়োলেন্স' নামে একটি সিনেমার শুটিং শিগগিরই শুরু করবেন বলেও জানিয়েছেন এ অভিনেতা।

এফআর/টিএ

মন্তব্য করুন