রণবীরই কারণ, ওর জন্যই আমি টিকে আছি: ম্রুণাল ঠাকুর
ছবি: সংগৃহীত
০৭:৩০ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
অভিনয় জীবনের শুরুটা মোটেও সহজ ছিল না ম্রুণাল ঠাকুর–এর জন্য। ধারাবাহিক থেকে বড়পর্দায় উঠে আসার পথে তাঁকে সহ্য করতে হয়েছে শরীর নিয়ে কটূক্তি, ব্যঙ্গবিদ্রুপ এবং অবমূল্যায়ন। আজ যখন একের পর এক ছবিতে প্রশংসা কুড়োচ্ছেন, তখনই অতীতের কঠিন দিনগুলোর কথা স্মরণ করে প্রকাশ্যে জানালেন এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রণবীর সিং-এর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্রুণাল ঠাকুর বলেন, রণবীর তাঁর জীবনে শুধু সহঅভিনেতা নন, বরং এমন একজন, যাঁর সঙ্গে কাজের সুযোগ তাঁর পেশাগত পথই বদলে দিয়েছিল। অভিনয়ের শুরুতে যখন তিনি মডেলিং করতেন, তখন একটি চুলের তেলের বিজ্ঞাপনে রণবীরের সঙ্গে কাজের সুযোগ পান। সেই বিজ্ঞাপন প্রচারিত হওয়ার পরই প্রথমবার নির্মাতাদের নজরে পড়েন তিনি।
ম্রুণালের কথায়, সেই বিজ্ঞাপন প্রকাশের পর থেকেই বিভিন্ন জায়গা থেকে কাজের প্রস্তাব আসতে শুরু করে। তাঁর বিশ্বাস, সেই সময় রণবীর পাশে না থাকলে হয়তো এই পথ এত দ্রুত খুলত না। তাই নিজের সাফল্যের শুরুটা তিনি রণবীরের উপস্থিতির সঙ্গেই জুড়ে দেখেন।
অভিনেত্রী আরও বলেন, রণবীরের মধ্যে এমন এক ইতিবাচক শক্তি রয়েছে, যা আশপাশের মানুষকেও প্রভাবিত করে। তিনি শুধু পর্দায় নয়, ব্যক্তিগত ব্যবহারে-ও অত্যন্ত সহায়ক। কঠিন সময়ে সেই সমর্থন তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছিল।

বর্তমানে ম্রুণাল অভিনীত সীতা রাম, লাস্ট স্টোরিজ এবং হাই নান্না তাঁকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। দর্শক ও সমালোচক দুই মহলেই তাঁর অভিনয় প্রশংসিত। অন্যদিকে রণবীরও এখন আলোচনায় তাঁর সাম্প্রতিক ছবি ধুরন্ধর-এর সাফল্য নিয়ে।
ম্রুণাল জানিয়েছেন, রণবীরের নতুন কাজ দেখেও তিনি মুগ্ধ। তাঁর মতে, রণবীরের পরিশ্রম, শক্তি এবং ইতিবাচক মনোভাবই তাঁকে আলাদা জায়গায় নিয়ে গেছে। আর সেই মানুষটির সঙ্গে কাজের স্মৃতি এখনও তাঁর কাছে বিশেষ।
শুরুর অনিশ্চয়তা, প্রত্যাখ্যান আর কটাক্ষের ভেতর দিয়ে এগিয়ে আসা এক অভিনেত্রীর কাছে তাই রণবীর শুধু সহশিল্পী নন তাঁর লড়াইয়ের শুরুর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
পিআর/টিএ