© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব: আইজিপি

শেয়ার করুন:
জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব: আইজিপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৫ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, একজন পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা।

বুধবার (৮ এপ্রিল) সকালে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪১তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের (এসআই) মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি তার বক্তব্যে পরিবর্তিত অপরাধের ধরনের ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিনির্ভর অপরাধ, সাইবার ক্রাইম এবং জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ কর্মকর্তাদের দক্ষতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের সবসময় আধুনিক ও আপডেটেড রাখতে হবে।

নতুন কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, তোমরা আজ শুধু একটি চাকরিতে যোগ দিচ্ছ না, বরং একটি মহান সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছ। মানুষের পাশে দাঁড়ানো, বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠা করার মূল্যবোধ ধারণ করেই তোমাদের এগিয়ে যেতে হবে। আমি আশা করি, তোমরা দায়িত্ব পালনে সর্বদা পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।

এর আগে আইজিপি শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এবারের প্যারেডে মোট ২০৯ শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর অংশ নেন, যাদের মধ্যে ৫ নারী সদস্য রয়েছেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশ একাডেমির প্রিন্সিপাল জিএম আজিজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস/টিএ

মন্তব্য করুন