নাগরিক হিসেবে যেকোনো সময় দেশ ছাড়তে এবং ফিরতে পারেন: শেখ হাসিনা প্রসঙ্গে রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত
০৯:১৩ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে ও দেশে ফিরতে পারেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, সংবিধানে নাগরিকের এই অধিকার স্পষ্টভাবে দেয়া আছে। তবে কেউ দেশে ফিরলে সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেয়া হবে, সেটি সরকারই নির্ধারণ করবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে এবং দেশে ফিরতে পারেন। এটা তার সাংবিধানিক অধিকার। তবে তিনি দেশে ফিরে এলে সরকার কী করবে, সেটা সরকারই নির্ধারণ করবে।’
এর আগে আবদুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ভাষাসৈনিক অলি আহাদ সম্মাননা স্মারক’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুমিন ফারহানা। তার বাবা ভাষাসৈনিক অলি আহাদের স্মরণে শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা বলেন, ১৯৪৮ সালে ভাষা আন্দোলনের সূচনা হলেও ভাষাসৈনিক অলি আহাদের অবদান ইতিহাসে যথাযথভাবে লিপিবদ্ধ হয়নি। দেশের ইতিহাস অনেক সময় রাজনৈতিক বয়ানের ভিত্তিতে লেখা হয়েছে।
তিনি বলেন, ‘যে দল যখন ক্ষমতায় থাকে, ইতিহাস অনেক সময় তাদের দৃষ্টিভঙ্গিতেই লেখা হয়। তা না হলে অলি আহাদ, মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরে বাংলা এ কে ফজলুল হকের মতো ব্যক্তিত্বদের জীবন ও অবদান সম্পর্কে নতুন প্রজন্ম আরও বিস্তৃতভাবে জানতে পারত।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি লাঠিখেলা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপির ঝাড়ু মিছিল এবং বক্তব্য প্রত্যাহার না করলে তাকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাজনীতিতে এসব নতুন কিছু নয়।
তিনি বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকবে, মিছিল-মিটিং হবে এবং কাউকে অবাঞ্ছিত ঘোষণার ঘটনাও ঘটতে পারে। এগুলোই রাজনীতির স্বাভাবিক অংশ। রাজনীতিকদের বক্তব্যের জবাব সাধারণ মানুষই দেয় বলেও মন্তব্য করেন তিনি। এ অনুষ্ঠানে মানুষের উপস্থিতি তার প্রমাণ বলেও উল্লেখ করেন রুমিন ফারহানা।
অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়ে সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। অনুষ্ঠানের আশপাশে ৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।
এমআই/টিএ