© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিতর্কিত গানের পর ৫০ জন মহিলার দায়িত্ব নিচ্ছেন বাদশা

শেয়ার করুন:
বিতর্কিত গানের পর ৫০ জন মহিলার দায়িত্ব নিচ্ছেন বাদশা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৩ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
বিতর্কিত গান প্রকাশের পর প্রবল চাপে পড়েছেন বাদশা। তাঁর ‘টটীরী’ গান ঘিরে অভিযোগ উঠেছে, সেখানে নারীদের প্রতি কুরুচিকর ইঙ্গিত রয়েছে। প্রথমে হরিয়ানা মহিলা কমিশন আপত্তি তোলে, পরে বিষয়টি পৌঁছে যায় জাতীয় মহিলা কমিশন এর দরজায়। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে, তাঁর বিরুদ্ধে গ্রেফতারের দাবিও ওঠে।

বিতর্কের পর ৭ এপ্রিল জাতীয় মহিলা কমিশনের সামনে হাজির হয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বাদশা। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে প্রশ্নোত্তর। এরপরই ক্ষমা চেয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন শিল্পী।

শুধু ক্ষমা চাওয়াতেই থামেননি তিনি। জানা গেছে, অন্তত পঞ্চাশ জন কন্যাশিশুর শিক্ষার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাদশা। তাঁর আইনজীবীর দাবি, নারীকল্যাণমূলক একাধিক উদ্যোগে সরাসরি যুক্ত থাকবেন তিনি। অর্থনৈতিকভাবে দুর্বল নারীদের সহায়তা, তাঁদের খাবার ও প্রয়োজনীয় ব্যয়ের দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছেন।

এছাড়া নারীদের উন্নয়নকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির জন্য অর্থ সংগ্রহে সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। যদিও কাদের জন্য এই সহায়তা দেওয়া হবে, কীভাবে তালিকা তৈরি হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য প্রকাশ হয়নি।



বাদশার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী চার মাসের মধ্যে নারীদের সম্মান ও ইতিবাচক বার্তা নিয়ে একটি নতুন গান প্রকাশ করবেন তিনি। ভবিষ্যতে এমন বিতর্ক তৈরি হতে পারে এমন কোনও কাজ আর করবেন না বলেও আশ্বাস দিয়েছেন।

আইনজীবীর বক্তব্য, বিতর্কিত গানটি কাউকে আঘাত করার উদ্দেশ্যে তৈরি হয়নি, বরং সৃজনশীল কাজ হিসেবেই তা প্রকাশিত হয়েছিল। কিন্তু তীব্র প্রতিক্রিয়ার পর তাঁরা বুঝতে পেরেছেন, বিষয়টি অন্যভাবে ধরা পড়েছে। সেই কারণেই ভুল স্বীকার করে সংশোধনের পথেই হাঁটতে চাইছেন শিল্পী।

একটি গানকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এখন বাদশার ভাবমূর্তি, দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ সৃজনশীলতার প্রশ্নও সামনে এনে দিয়েছে। তাই ক্ষমা প্রার্থনার পাশাপাশি সামাজিক দায় কাঁধে তুলে নেওয়ার এই সিদ্ধান্তকে অনেকেই তাঁর নতুন বার্তা হিসেবেই দেখছেন।

পিআর/টিএ

মন্তব্য করুন