© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আল্লু অর্জুনের সম্পদের পরিমাণ কত?

শেয়ার করুন:
আল্লু অর্জুনের সম্পদের পরিমাণ কত?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪২ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা আল্লু অর্জুন ‘পুষ্পা’ সিনেমার সাফল্যে যিনি এখন প্যান-ইন্ডিয়া সুপারস্টার। আজ (৮ এপ্রিল) এই অভিনেতার জন্মদিন। বিশেষ এই দিনে তার জীবন, ক্যারিয়ার ও বিলাসবহুল জীবনযাপন নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।

১৯৮২ সালের ৮ এপ্রিল চেন্নাইয়ে জন্ম নেওয়া আল্লু অর্জুন বড় হয়েছেন একেবারে চলচ্চিত্র পরিবারের আবহে। তার বাবা আল্লু অরবিন্দ দক্ষিণ ভারতের সুপরিচিত প্রযোজক এবং তিনি মেগাস্টার চিরঞ্জীবীর ভাতিজা। ফলে ছোটবেলা থেকেই সিনেমার সঙ্গে তার নিবিড় পরিচয় গড়ে ওঠে।



তবে পারিবারিক পরিচয়ের ওপর ভর করে নয়, নিজ যোগ্যতায়ই ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

সংগ্রাম পেরিয়ে তারকা হয়ে ওঠা

শিশুশিল্পী হিসেবে পথচলা শুরু হলেও নায়ক হিসেবে আত্মপ্রকাশ ২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ সিনেমার মাধ্যমে। তবে ২০০৪ সালে ‘আরিয়া’ মুক্তির পরই বদলে যায় তার ক্যারিয়ারের চিত্র। অভিনয়, সংলাপ আর স্বতন্ত্র বডি ল্যাঙ্গুয়েজ তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা।

এরপর ‘পারুগু’, ‘জুলায়ি’, ‘সারাইনোডু’সহ একাধিক সফল ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পাকাপোক্ত করেন তিনি।

আন্তর্জাতিক খ্যাতিখ্যাতি

পুষ্পা: দ্য রাইজ সিনেমায় ‘পুষ্পা রাজ’ চরিত্রে অভিনয় করে আল্লু অর্জুন শুধু দক্ষিণ ভারত নয়, গোটা ভারত ও আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয়তা পান। “ঝুঁকেগা নেহি” এই সংলাপ হয়ে ওঠে সময়ের অন্যতম ট্রেন্ড।

এই সিনেমাই তাকে এনে দেয় প্যান-ইন্ডিয়া সুপারস্টারের মর্যাদা।

পর্দার বাইরে ব্যক্তিগত জীবন

পর্দার ঝলমলে জীবনের বাইরে ব্যক্তিগতভাবে বেশ সংযত আল্লু অর্জুন। ২০১১ সালে স্নেহা রেড্ডি-কে বিয়ে করেন তিনি। তাঁদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। পরিবারের সঙ্গে সময় কাটানোই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন এই অভিনেতা।

সম্পদ, বাড়ি ও বিলাসিতা

বর্তমানে দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন আল্লু অর্জুন। বিভিন্ন প্রতিবেদনে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০০ কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে।

হায়দরাবাদে তার বিলাসবহুল বাংলো ‘ব্লেসিং’-এর মূল্য প্রায় ১০০ কোটি রুপি। পাশাপাশি রয়েছে প্রায় ৭ কোটি টাকার অত্যাধুনিক ভ্যানিটি ভ্যান. বিলাসবহুল গাড়ির সংগ্রহ, ব্যক্তিগত উড়োজাহাজ।

খুব কম তেলেগু তারকারই ব্যক্তিগত বিমান রয়েছে আল্লু অর্জুন তাদের মধ্যে অন্যতম। পরিবারসহ এই বিমানে করেই তিনি দেশ-বিদেশে ভ্রমণ করেন।

বিতর্কও ছিল

সাফল্যের পাশাপাশি বিতর্কও ছুঁয়ে গেছে তার ক্যারিয়ারকে। ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার হন তিনি। পরে জামিনে মুক্তি পেলেও এক রাত কাটাতে হয় হায়দরাবাদের চঞ্চলগুড়া কারাগারে।

সংগ্রাম, অধ্যবসায় এবং ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন আল্লু অর্জুন। অভিনয়, স্টাইল এবং ব্যক্তিত্ব সব মিলিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার অন্যতম প্রভাবশালী তারকা; যার জীবনযাপন যেমন বিলাসবহুল, তেমনি তার সাফল্যের গল্পও অনেকের জন্য অনুপ্রেরণা।

পিআর/টিএ

মন্তব্য করুন