© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লেবানন ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্রের ‘ভুল বোঝাবুঝি’, ভেস্তে যাওয়ার পথে যুদ্ধবিরতি

শেয়ার করুন:
লেবানন ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্রের ‘ভুল বোঝাবুঝি’, ভেস্তে যাওয়ার পথে যুদ্ধবিরতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৫ এএম | ০৯ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্য যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী পাকিস্তানের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।

মার্কিন সংবাদমাধ্যম পিবিএস-কে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘হিজবুল্লাহর কারণে তাদের (লেবানন) এই চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি। বিষয়টি পরবর্তীতে সমাধান করা হবে। সব ঠিক আছে।’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মতে, লেবানন ইস্যুতে একটি ‘ভুল বোঝাবুঝি’ হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তাতে লেবাননের বিষয়টি অন্তর্ভুক্ত নয়। তিনি বলেছেন, লেবানন ইস্যুতে যদি ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে তা ‘বড় বোকামি’ হবে।

ভ্যান্সের ভাষায়, ‘আমার মনে হয় ইরানিরা ভেবেছিল যে যুদ্ধবিরতির মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু আসলে তা ছিল না, আমরা কখনোই এমন প্রতিশ্রুতি দেইনি।’

তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনা যেন সফল হয়, সেজন্য লেবানন ফ্রন্টে নিজেদের কিছুটা সংযত করার বার্তা ইসরায়েল দিয়েছে বলে জানান ভ্যান্স। তবে বাস্তবতা ভিন্ন। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই লেবাননে নির্বিচারে হামলা শুরু করেছে ইসরায়েল। ঘনবসতিপূর্ণ এলাকায় তাদের এমন আগ্রাসনে এখন পর্যন্ত শতাধিকে মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশের প্রস্তাবিত ১০ দফার অন্যতম শর্ত ছিল লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা। ইরানের ১০ দফায় স্পষ্ট উল্লেখ রয়েছে, ‘প্রতিরোধ অক্ষের’ সব পক্ষের ওপর হামলা বন্ধ করতে হবে। লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ অক্ষের অংশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে বলেছিলেন, ‘ইরান এবং যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্ররা অবিলম্বে লেবাননসহ সর্বত্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এমন পরিস্থিতিতে লেবানন ইস্যুতে যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

এসকে/টিএ

মন্তব্য করুন