পার্লামেন্টে তেল থাকলে কী হবে, পাম্পে তেল পাই না: সংসদ সদস্য
ছবি: সংগৃহীত
০৪:২০ এএম | ০৯ এপ্রিল, ২০২৬
জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ এবং রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে জাতীয় সংসদে কড়া সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি বলেন, “আমরা পার্লামেন্টে এসে শুনি, দেশে তেলের কোনো অভাব নেই। কিন্তু মাননীয় স্পিকার, পার্লামেন্টে তেল থাকলে কী হবে?
“আমরা পেট্রোল পাম্পে তেল পাই না। আমার গাড়ি রাত তিনটা-চারটা পর্যন্ত পাম্পে দাঁড়িয়ে থাকে, পাঁচ-ছয় লিটার তেল নেওয়ার জন্য।”
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর সবাই ভেবেছিল ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে। কিন্তু সংস্কারসহ যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ছিল, সেসব প্রশ্নে এখন সরকারি দলের অনীহা দেখা যাচ্ছে।
“আমরা শুধু দলীয়করণ নয়, বিসিবিতে বাপের দোয়াকরণ দেখছি। আমরা ব্যাংকগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ দেখছি। বাংলাদেশ ব্যাংকে দলীয় ব্যবসায়ী নিয়োগ করা হচ্ছে।”
অতীতের বিএনপি শাসনামলের কথা টেনে এনে আল আমিন বলেন, “বিএনপি অতীতে গণতান্ত্রিক আন্দোলনে মাঠে ছিল, কিন্তু ক্ষমতায় গিয়ে আমরা মাগুরার নির্বাচন দেখেছি, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন দেখেছি, কেয়ারটেকার সরকারকে প্রভাবিত করতে বিচারপতির বয়স বাড়ানোর চেষ্টা দেখেছি। আমরা কি আবার সেই পরিস্থিতিতে ফিরে যেতে চাই?”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে নারায়ণগঞ্জ-৪ এর এই সদস্য বলেন, “আমরা দেখছি দেশে এখনো আইনশৃঙ্খলার অবনতি চলছে। আমার নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের পরিচয়ে একজনকে গুম করে হত্যা করে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে, অথচ আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না।”
রাষ্ট্রপতির ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “দেশের জনগণ রাষ্ট্রপতিকে একজন মেরুদণ্ডসম্পন্ন এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম ব্যক্তি হিসেবে মনে করেন না। আমি ব্যক্তিগতভাবে কী মনে করি, তা সাংবিধানিকভাবে বলা সম্ভব কি না জানি না; তবে জনগণের মতের প্রতি আমি শ্রদ্ধাশীল।” স্থানীয় উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরে তিনি সদর উপজেলা হাসপাতালের উন্নয়নসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
আরআই/টিকে