লেবাননে যুদ্ধবিরতির দাবি জানাল ফ্রান্সও
ছবি: সংগৃহীত
০২:০২ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যের পর লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। খবর রয়টার্সের।
তিনি বলেন, লেবাননে ইসরাইলের সাম্প্রতিক ব্যাপক হামলার নিন্দা জানায় ফ্রান্স এবং এসব হামলাকে অবশ্যই যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির আওতায় আনতে হবে।
এর আগে, বুধবার (৮ এপ্রিল) লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এতে অন্তত ২৫৪ জন নিহত হন।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে, যেখানে ইসরাইল প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে।
কুপার আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অবশ্যই টোলমুক্ত হতে হবে। এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত বলে তার সরকার ‘দৃঢ়ভাবে বিশ্বাস করে’।
ব্রিসবেনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, এই যুদ্ধবিরতি ‘একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি’। তবে এটি এখনো ‘ভঙ্গুর শান্তি’ এবং এটি একটি স্থায়ী চুক্তিতে পরিণত হোক চান তিনি।
অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, লেবাননে হামলা বন্ধ করার বিষয়ে ইসরাইলের কাছে থেকে কোনো প্রতিশ্রুতি নেয়নি যুক্তরাষ্ট্র। যদিও মধ্যস্থতাকারী পাকিস্তান স্পষ্টভাবে জানিয়েছিল, লেবাননও এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত।
এমআই/এসএন