© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ অভিনেতা, দিলেন কড়া জবাব

শেয়ার করুন:
ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ অভিনেতা, দিলেন কড়া জবাব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৬ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করায় হোয়াইট হাউসের কটাক্ষের শিকার হয়েছেন হলিউড তারকা জর্জ ক্লুনি। ট্রাম্প প্রশাসন তাকে ‘ব্যর্থ অভিনেতা’ বলে অভিহিত করলে তার বিপরীতে কড়া জবাব দিয়েছেন এই অস্কারজয়ী অভিনেতা। ক্লুনির মতে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ব্যক্তিগত আক্রমণ না করে বরং আন্তর্জাতিক ইস্যুতে মনোযোগ দেওয়া প্রয়োজন ট্রাম্পের।

সম্প্রতি মার্কিন গণমাধ্যম ‘দ্য হলিউড রিপোর্টার’-এ পাঠানো এক বিবৃতিতে ক্লুনি ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে বলেন, যখন সারা বিশ্বে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে এবং বিশ্ব অর্থনীতি চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন প্রশাসনের পক্ষ থেকে ‘শিশুসুলভ গালিগালাজ’ করার কোনো সময় নেই।

ট্রাম্পের দেওয়া হুমকিকে আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে ‘যুদ্ধাপরাধ’ হিসেবেও উল্লেখ করেন অভিনেতা ক্লুনি। মজার ছলে তিনি আরও বলেন, আমাকে একজন ব্যর্থ অভিনেতা বলা হয়েছে, যার সাথে আমি সানন্দে একমত; বিশেষ করে ব্যাটম্যান অ্যান্ড রবিন সিনেমায় আমার অভিনয়ের পর।



এর আগে সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে বলেন, যুদ্ধবিরতির শর্ত না মানলে একটি আস্ত সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্পের এমন হুমকির প্রতিবাদে ইতালিতে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সামনে ক্লুনি বলেন, কেউ বলতেই পারেন ট্রাম্প ভালো মানুষ। কিন্তু কেউ যখন একটি সভ্যতা ধ্বংসের কথা বলেন, তখন সেটি যুদ্ধাপরাধের শামিল। রক্ষণশীল চিন্তাধারার সমর্থক হওয়া যেতে পারে, কিন্তু শালীনতার একটি সীমা থাকা উচিত।

ক্লুনির এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এরপর হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চুং লেখেন, একমাত্র জর্জ ক্লুনিই তার বাজে সিনেমা এবং নিকৃষ্ট অভিনয়ের মাধ্যমে যুদ্ধাপরাধ করছেন।
হোয়াইট হাউসের এই ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্যের পরেই জর্জ ক্লুনি তার পালটা বিবৃতি দিলেন।

ট্রাম্পের এই সামরিক পদক্ষেপের বিরুদ্ধে হলিউড তারকাদের সরব হওয়া এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে মার্ক রাফালো, জন কিউস্যাক ও স্টিফেন কিংয়ের মতো তারকারা ট্রাম্পের নীতির তীব্র সমালোচনা করেছেন|

এসএ/ এসএন

মন্তব্য করুন