রুশ সাবমেরিনের তৎপরতা ঠেকাতে সেনা মোতায়েনের কথা জানাল যুক্তরাজ্য
ছবি: সংগৃহীত
০৬:০৭ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
যুক্তরাজ্যের জলসীমায় রুশ সাবমেরিনের তৎপরতা ঠেকাতে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছিল বলে জানিয়েছেন, দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, চলতি বছরের শুরুর দিকে প্রায় এক মাস ধরে ব্রিটিশ জলসীমায় অবস্থান করা রুশ সাবমেরিনগুলোকে নজরদারি ও প্রতিহত করা হয়েছে। খবর রয়টার্সের।
জন হিলি জানান, ব্রিটিশ বাহিনী এবং তাদের মিত্র দেশ, বিশেষ করে নরওয়ে, যৌথভাবে রুশ জাহাজগুলোর ‘ক্ষতিকর কার্যক্রম’ পর্যবেক্ষণ ও প্রতিরোধ করেছে। তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বার্তা দিতেই এই অভিযানের তথ্য প্রকাশ করা হয়েছে, যাতে তিনি বুঝতে পারেন যে তাদের কার্যক্রম নজরদারির বাইরে ছিল না।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট রুশ সাবমেরিনগুলো ইতোমধ্যে ব্রিটিশ জলসীমা ছেড়ে উত্তর দিকে চলে গেছে এবং পানির নিচের কেবল ও পাইপলাইনে কোনো ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি।
ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে হিলি বলেন, আমরা আপনাদের দেখছি। আমাদের কেবল ও পাইপলাইনের ওপর আপনাদের তৎপরতা আমরা নজরে রাখছি। এগুলোর ক্ষতি করার যে-কোনো চেষ্টা সহ্য করা হবে না এবং এর পরিণতি গুরুতর হবে।
তিনি আরও বলেন, আমাদের সশস্ত্র বাহিনী তাদের স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে তারা নজরদারির আওতায় রয়েছে, তাদের চলাচল গোপন ছিল না, এবং তাদের পরিকল্পিত গোপন অভিযান উন্মোচিত হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী জানান, রাশিয়ার হয়ে এই অভিযানে একটি আকুলা শ্রেণির অ্যাটাক সাবমেরিন এবং মস্কোর মেইন ডিরেক্টরেট ফর ডিপ সি রিসার্চ (GUGI)-এর দুটি বিশেষায়িত সাবমেরিন অংশ নিয়েছিল।
এমআর/টিকে