© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছয় বছরের অপেক্ষার পর শুরু নুহাশের মুভিং বাংলাদেশ

শেয়ার করুন:
ছয় বছরের অপেক্ষার পর শুরু নুহাশের মুভিং বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২১ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬

দীর্ঘ ছয় বছর ধরে প্রথম সিনেমা ‘মুভিং বাংলাদেশ’ নিয়ে কাজ করছেন নুহাশ হুমায়ূন। কখনো চিত্রনাট্য, কখনো প্রি-প্রোডাকশন, আবার কখনো বাজেট সংগ্রহের কাজে সময় পেরিয়েছে। অবশেষে আজ শুরু হচ্ছে ‘মুভিং বাংলাদেশ’র শ্যুটিং। ঢাকার ২০টি লোকেশনে হবে শ্যুটিং।

একজন বাইক রাইডারের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হচ্ছে এই সিনেমা। প্রধান চরিত্রসহ অন্যান্য চরিত্রে কে কে অভিনয় করেছেন জানতে চাইলে নুহাশ বলেন, ‘আমরা এখনো অভিনয়শিল্পীদের নাম বলিনি। এটা আমরা সময় নিয়ে ঘটা করে জানাতে চাই।’

তবে প্রথম সিনেমায় কোনো জনপ্রিয় তারকা থাকছেন না বলে নিশ্চিত করেন নির্মাতা নুহাশ হুমায়ূন। তিনি জানান, ‘সিনেমার প্রধান চরিত্র নতুন মুখ। আমরা দীর্ঘ সময় ধরে সিনেমার সঙ্গে যায়, এমন চরিত্র খুঁজছিলাম। অনেকবার অডিশন নিয়ে চরিত্রের সঙ্গে যায়, এমন কাউকে বেছে নিয়েছি।’



প্রথম সিনেমা প্রসঙ্গে নুহাশ জানান, ‘পাঁচ থেকে ছয় বছর ধরে কাজটি করছি শুধু নিজের মতো করে সিনেমা বানানোর জন্য। চিত্রনাট্য, বাজেট ও গল্পের ডেভেলপমেন্টের কারণে সময় লেগেছে। চাইলে দ্রুত কাজ করা যেত কিন্তু প্রথম সিনেমায় নিজের মতো সময় নিয়েছি। এখন কাজটা পরিকল্পনামতো পর্দায় তুলে ধরতে চাই।’

‘মুভিং বাংলাদেশ’ সিনেমাটির সঙ্গে যুক্ত আছে আন্তর্জাতিক প্রযোজক ও একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটির চিত্রনাট্য বিশ্বের একাধিক চলচ্চিত্র উৎসব থেকে তহবিল পেয়েছে। সিনেমাটি ২০২১ সালে প্রথম তাইওয়ানের তাইপে ফিল্ম কমিশন থেকে ৮৯ হাজার ৮০০ ডলারের তহবিল পায়। পরে সিনক্রাফট ফিল্ম ফান্ড থেকে পায় ২৫ লাখ টাকা। শুধু তাই নয়, সিনেমাটি টোকিও গ্র্যান্ট ফাইন্যান্সিং মার্কেট, কান উৎসবের মার্শে দ্যু ফিল্ম বাজার, লোকার্নো চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকে নানা সহযোগিতা পেয়েছে।

মে মাসের মাঝামাঝি পর্যন্ত সিনেমাটির শ্যুটিং চলবে। পরে টানা সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ করতে চান নির্মাতা। স্বল্পদৈর্ঘ্য সিনেমা দিয়ে নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুহাশ হুমায়ূন। এছাড়াও ‘পেট কাটা ষ’, ‘দুই ষ’র মতো প্রশংসিত ওয়েব সিরিজ নির্মাণ করেন। এর মধ্যে ‘পেট কাটা ষ’ আন্তর্জাতিকভাবে জনপ্রিয়তা পায়। লন্ডনের ‘রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে’ সেরা সিরিজের পুরষ্কার পেয়েছে এটি। তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ ১০টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। এটি অস্কারে যাওয়া বাংলাদেশের প্রথম চলচ্চিত্র।

এসএ/এসএন

মন্তব্য করুন