© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশে আর কোনো মানিক-খায়রুল চাই না: আইনমন্ত্রী

শেয়ার করুন:
বাংলাদেশে আর কোনো মানিক-খায়রুল চাই না: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০১ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
 আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সুপ্রিম কোর্টে ভালো বিচার হোক, আমরা চাই সুপ্রিম কোর্ট মানুষের ন্যায়বিচারের আস্থার জায়গা হয়ে উঠুক এবং বাংলাদেশের বিচার বিভাগ পৃথিবীর ইতিহাসে অনন্য উদাহরণ সৃষ্টি করুক।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রোহিতকরণ) বিল, ২০২৬’ উত্থাপনের পর বিরোধীদলের সংসদ সদস্য আখতার হোসেনের বিরোধিতা করে দেওয়া বক্তব্যের পর আইনমন্ত্রী তার বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, সুপ্রিম কোর্টের নিয়োগের ক্ষেত্রে এমন নিয়োগ হয়েছে অতীতে, বিশেষ করে গত ১৭ বছরের ফ্যাসিস্ট আমলে, নিয়োগে পার্টির ক্যাডারদের বসিয়ে দেওয়া হয়েছে।

যে নিয়োগের মাধ্যমে বিচার বিভাগকে কলঙ্কিত করা হয়েছে, যে নিয়োগের মাধ্যমে খায়রুল হকের জন্ম হয়েছে। যে নিয়োগের মাধ্যমে আমার বাংলাদেশের মানুষের হৃদয়ে হৃদপিণ্ড সুপ্রিম কোর্টের প্রধান, বাংলাদেশের প্রধান বিচারপতির বাড়িতে আক্রমণের পরিবেশ তৈরি হয়েছে।

তাই আমরা চাই সেই নিয়োগ প্রক্রিয়াটা আরও স্বচ্ছ হোক। আমরা চাই সুপ্রিম কোর্টে ভালো বিচার হোক, সুপ্রিম কোর্ট মানুষের ন্যায়বিচারের আস্থার জায়গা হয়ে উঠুক, বাংলাদেশের বিচার বিভাগ পৃথিবীর ইতিহাসে অনন্য উদাহরণ সৃষ্টি করুক।
এই আইনটায় যে ডিফেক্টটা আছে সেটা আমি বলব অধ্যাদেশে।

‘উনি বলেছেন, আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে ওই সময় এই আইনকে ডিফেন্ড করেছি। একজন রাষ্ট্রের আইনজীবী সরকারের ব্রিফ ক্যারি করেন, ইনস্ট্রাকশন ফলো করেন। আমি যখন কথা বলি আদালতে অ্যাটর্নি হিসেবে তখন সরকারের কথা বলি, সরকার আমার মক্কেল, মক্কেলের কথা বলি। আমি আমার মক্কেলের পক্ষে কথা বলেছি। ওই সরকারের পাবলিক পলিসি হলো প্রত্যেকটা আইন—একটা পাবলিক পলিসি। ওই সরকারের পাবলিক পলিসি ছিল এই অধ্যাদেশ জারি করা। সেই পাবলিক পলিসি সরকারের, যেটা আমার মক্কেলের পক্ষে কথা বলেছি। আমি এখন এই সরকারের মন্ত্রী, এই পার্লামেন্টের সংসদ সদস্য। আমার সরকারের পাবলিক পলিসি হলো বিচার বিভাগে নিয়োগের ক্ষেত্রে পূর্ণরূপে স্বচ্ছতা, জবাবদিহিতা, যোগ্যতার মানদণ্ড নিরূপণের জন্য আমরা নতুন করে পদক্ষেপ গ্রহণ করব।’

আইনমন্ত্রী বলেন, যে অধ্যাদেশের কথা ওনারা বলছেন, অধ্যাদেশের ডিফেক্টটা কোথায় শুনবেন? উনি আর্টিকেল ৯৫(সি) পড়েছেন। ৯৫(২)(সি)-তে বলা হচ্ছে যে বিচারক নিয়োগের ক্ষেত্রে পার্লামেন্ট আইন পাস করতে পারবে। অ্যাবসলিউটলি, কিন্তু ৯৫(১) পড়েননি উনি। ৯৫(১)-এ বলছে, বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। তাহলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে যে আইনটা করা হয়েছে, এখানে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে জায়গাটা কনস্টিটিউশনালি ফিট করছে। আর্টিকেল ৯৮-টা পড়েন সংসদ সদস্য। ৯৮-এ কিন্তু এই কথা বলা নেই। প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শেরও দরকার নেই। অস্থায়ী বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের কোনো প্রয়োজনও নেই। ৯৮-টা দেখেন কনস্টিটিউশনে, সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ করবেন অস্থায়ী ভিত্তিতে। আমাদের কথা হলো, উনি আর্টিকেল ৩১ পড়লেন। কিসের আর্টিকেল ৩১? জুলাই সনদের। জুলাই সনদের আর্টিকেল ৩১-এ আপনারা বলছেন একদিকে বিচারক নিয়োগের জন্য সংবিধান সংশোধন করতে হবে, আরেকদিকে বিলের বিরোধিতা করছেন।

আসাদুজ্জামান বলেন, সংবিধান যদি সংশোধন করতে হয়—আপনারটাই ধরে নিলাম—সংবিধান আপনি দেখেন, আর্টিকেল অব দ্য জুলাই চার্টার আমি পড়ি, আপনাদের সামনে কী লেখা আছে। এই পার্লামেন্টের সবার ক্লিয়ারিটির জন্য বলছি। ওনারা আর্টিকেলের লেফট-হ্যান্ড কলামকে রিলাই করছেন। লেফট-হ্যান্ড কলামে আছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংবিধানে রূপযুক্ত করা হবে যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন গঠন করা হবে—এটা ওনার বক্তব্য, ওনারা রিলাই করছেন।

‘আমরা বিএনপি বলেছি যে আমরা বিচারক নিয়োগ-সংক্রান্ত বিষয় আইন প্রণয়ন করব। আমরা সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি করতে চাচ্ছি। আমরা সেই কমিটির কাছে ফিরে যাই। সেই কমিটির কাছে গিয়ে আপনি যে আইনটার কথা বলছেন, আপনি বিচারক নিয়োগের যে স্বচ্ছতার কথা বলছেন, আপনি যে মানদণ্ডের বিচারক চান, আপনি যে সুপ্রিম কোর্ট চান, আপনি যে বিচার বিভাগের মানদণ্ড চান, আপনি যে বিচারালয় চান, আমরাও সেই বিচারালয় চাই। আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানিকের জন্ম হোক। আমরা চাই না বাংলাদেশে আর কোনো খায়রুল হক গজিয়ে উঠুক। আমরা চাই না আর কোনো বিচার বিভাগীয় কিলিং হোক। আমরা চাই এই বিচার বিভাগ স্বচ্ছ, স্বাধীন, সক্রিয়তায় ভরপুর হোক।’
আইনমন্ত্রী আরও বলেন, আমরা চাই রাষ্ট্রের তিন বিভাগের মধ্যে সমন্বয় থাক। আমরা চাই যার যার ফাংশন সেই সেই করুক। আমরা চাই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেওয়া রক্তের ঋণ পরিশোধ করতে। সেই রক্তের ঋণ পরিশোধ করতে আমাদের সঠিক পথে যেতে হলে একটি সাংবিধানিক কমিটি গঠন করে আসেন চুলচেরা বিশ্লেষণ করি। আসেন কোন কোন জায়গায় রোগ আছে সেটা ডিটেক্ট করি। আসেন প্রোপার ডায়াগনোসিস করি। তারপর আসেন ওষুধ দিই। আমরা সেই পথ ধরে এগিয়ে যাই। তা না করে যদি আমরা কথায় কথায় এখন বিরোধিতা করি, পেছনে বসে ফ্যাসিস্টরা হাতে তালি দিচ্ছে। আপনারা সঠিক পথে আসেন। আমরাও বেঠিক হতে পারি। আমরাও সঠিক পথে আসতে চাই। আমরাও ভুল করতে পারি। আমরা সঠিক পথে আসতে চাই। আসেন দুই পক্ষের ভুল-সঠিক কথা এক টেবিলে বসে আমরা আলোচনা করে সমাধান করি। এ আইনগুলো এমন না যে কোরআনিক ভার্সন—এ আইনগুলো আজকে পাস করলে এমন না যে কালকে আবার এটা সংশোধন করতে পারব না। পার্লামেন্ট ওপেন, আমরা আবার সংশোধনের জন্য আসতে পারব। আপনারা বলছেন সংস্কার, আমরা বলছি সংবিধান সংশোধন—প্রত্যেক সংশোধনই একটি সংস্কার। আমরা সেই পথ ধরে এগিয়ে যাই।

এবি/টিকে

মন্তব্য করুন